ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

২০২৫ নভেম্বর ২৪ ০৮:৩৮:০৬

এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

বগুড়ার শেরপুর উপজেলায় হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ প্রাণ হারিয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) রাতে গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে মেহেদি হাসান (২০) এবং শেরপুর পৌর এলাকার গোসাইপাড়া মহল্লার মৃত বাবলু ব্যাপারির ছেলে সাহাবুল হাসান (২০)। একই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু উৎসব চক্রবর্তী (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে ফিরছিলেন। রাত ৮টার দিকে বেপরোয়া গতিতে চলন্ত অবস্থায় হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা একটি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুল মারা যান।

আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন তারা। দ্রুতগতির কারণেই তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। তিনজনই সদ্য এইচএসসি পাস করেছেন বলে জানান তিনি। শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুই তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। আহত উৎসব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত