ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সৌদিতে ব্যাপক ধরপাকড়: এক সপ্তাহেই গ্রেপ্তার ২১ হাজার প্রবাসী, আতঙ্কে বাংলাদেশিরা

২০২৫ নভেম্বর ০৬ ০০:৪২:২৮

সৌদিতে ব্যাপক ধরপাকড়: এক সপ্তাহেই গ্রেপ্তার ২১ হাজার প্রবাসী, আতঙ্কে বাংলাদেশিরা

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বৃহৎ পরিসরের অভিযান শুরু করেছে দেশটির সরকার। মাত্র সাত দিনের ব্যবধানে ২১ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযানে আতঙ্কে পড়েছেন দেশটিতে থাকা বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীও।

রবিবার (২ নভেম্বর) সৌদি সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

যেভাবে চলছে অভিযান

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান।

বিবৃতিতে বলা হয়—

আবাসন আইন ভঙ্গের অভিযোগে ১২,৭৪৫ জনকে আটক করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ধরা পড়েছেন ৪,৫৭৭ জন।

আর শ্রম আইন ভঙ্গের ঘটনায় আরও ৪,৩২৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

কারা কারা ধরা পড়ছেন

অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আরও ১,৬৮৯ জনকে আটক করা হয়।তাদের মধ্যে—

৫৩% ইথিওপীয়,

৪৬% ইয়েমেনি,

এবং বাকি ১% অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া, অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে ৫৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে ২১ সৌদি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।

বিচারাধীন ৩১ হাজারেরও বেশি

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ৩১,৮২৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে৩০,১৫১ জন পুরুষ এবং ১,৬৭৫ জন নারী।

এর মধ্যে—

২১,৯৮০ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য,

১৩,২৭৯ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে,

আর ৫,০১০ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।

কঠোর শাস্তির বিধান

সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা বা অবৈধ শ্রমিকদের আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে,“অবৈধ প্রবেশ, অবস্থান ও শ্রম আইনের অপব্যবহার রোধে অভিযান চলমান থাকবে; এবং পুরো দেশে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

বাংলাদেশি প্রবাসীদের উদ্বেগ

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অভিযানের পর সৌদিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।অনেকে ইতিমধ্যে কর্মস্থলে যাওয়া বন্ধ রেখেছেন এবং বৈধ কাগজপত্র নবায়নের জন্য তড়িঘড়ি করছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত