ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

একসঙ্গে বিএনপির ৯১ নেতাকর্মীর জামায়াতে যোগ, নতুন আলোচনার ঝড়

২০২৫ অক্টোবর ২৫ ১৬:২০:৪৬

একসঙ্গে বিএনপির ৯১ নেতাকর্মীর জামায়াতে যোগ, নতুন আলোচনার ঝড়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদীপুর গ্রামে একসঙ্গে ৯১ জন বিএনপি নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে হাউলি ইউনিয়ন জামায়াত ও উপজেলা যুব বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়। স্থানীয় বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে বিএনপির কর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

সূত্র জানায়, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই বিএনপি ত্যাগ করে তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বেছে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা–২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। নবাগতদের ফুল দিয়ে বরণ করে নিয়ে তিনি বলেন,

“যারা আজ জামায়াতে যোগ দিয়েছেন, তারা সত্য ও ন্যায়ের পথে চলবেন, হালাল উপার্জন করবেন এবং ইসলামী মূল্যবোধে সমাজকে আলোকিত করবেন—এই প্রতিশ্রুতিই আমাদের শক্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী এবং যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেক।

উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলায় বিএনপি থেকে জামায়াতে যোগদানের ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন বিএনপি কর্মী জামায়াতে যোগ দেন। এরও আগে প্রায় চার শতাধিক কর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক দলত্যাগ আগামী নির্বাচনের মাঠপর্যায়ে শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত