ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনার ফুটবলে শোকের ছায়া : মারা গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি

২০২৫ অক্টোবর ০৯ ১৮:২১:২৬

আর্জেন্টিনার ফুটবলে শোকের ছায়া : মারা গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল কোচ মিগেল অ্যাঞ্জেল রুসো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সবশেষ বোকা জুনিয়র্স ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রুসোর মৃত্যুর খবর নিশ্চিত করে বোকা জুনিয়র্স জানায়—

“মিগেল রুসো আমাদের ক্লাবে অম্লান ছাপ রেখে গেছেন। তাঁর নিবেদন আমাদের কাছে চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের পাশে আছি। বিদায়, প্রিয় মিগেল!”

খেলোয়াড়ি জীবনে রুসো ছিলেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। ১৯৮৩ থেকে ১৯৮৫ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচে অংশ নেন এবং করেন ১ গোল। ক্লাব পর্যায়ে এস্তুডিয়ান্তেসের হয়ে ৪১৮ ম্যাচে খেলেন, গোল করেন ১১টি।

তবে সবচেয়ে বেশি পরিচিতি পান কোচ হিসেবে। রুসো তিন দফায় দায়িত্ব নিয়েছেন বোকা জুনিয়র্সের। তাঁর কোচিংয়ে ক্লাবটি জিতেছে কোপা লিবার্তাদোরেস (২০০৭) এবং আর্জেন্টাইন লিগ শিরোপা (২০০৭, ২০২০)।

কোচিং ক্যারিয়ারে রুসো কাজ করেছেন আরও অনেক ক্লাবে— সান লোরেঞ্জো, রেসিং ক্লাব, উনিভার্সিদাদ দে চিলে (চিলি), সালামাঙ্কা (স্পেন), মোরেলিয়া (মেক্সিকো), মিলিওনারিওস (কলম্বিয়া), আলিয়াঞ্জা লিমা (পেরু), সেরো পোর্তেনো (প্যারাগুয়ে) এবং আল নাসর (সৌদি আরব)।

২০১৭ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন রুসো। অসুস্থতার মধ্যেও তিনি বোকা জুনিয়র্সের সঙ্গে যুক্ত ছিলেন। নিজ বাড়ি থেকেই নিয়মিত যোগাযোগ রাখতেন দলের কোচিং স্টাফদের সঙ্গে।

আজ, তিনি নেই — কিন্তু আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে মিগেল অ্যাঞ্জেল রুসোর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত