ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নুরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা, যা বললেন চিকিৎসকরা

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:১১:১৫

নুরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা, যা বললেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিন দিন আইসিইউতে থাকার পর সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন, উন্নত চিকিৎসা ছাড়া নুরের সামনে এখনো বড় ধরনের ঝুঁকি রয়ে গেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, মাথা ও মুখে মারাত্মক আঘাত পাওয়ায় ভবিষ্যতে স্নায়বিক সমস্যাসহ দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। ট্রমাটিক সাবআরাকনয়েড হেমোরেজের কারণে কথা বলার অসুবিধা, ভারসাম্য হারানো এমনকি আলঝেইমারের মতো জটিলতা দেখা দিতে পারে। এছাড়া মাথায় ফ্র্যাকচার থাকায় ইনফেকশনের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নুরের ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০১৯ সালের ডাকসু ভবনের হামলায়ও গুরুতর আহত হয়েছিলেন নুর। এবারকার ঘটনায়ও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ সংগঠনের আরও কয়েকজন নেতা-কর্মী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডালিম /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত