ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ

২০২৬ জুন ১৮ ২৩:০৮:১৬

সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ

সৌদি আরব বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া (Qiwa) প্ল্যাটফর্মের নতুন নির্দেশনা অনুযায়ী, নতুন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ওয়ার্ক ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান দুই বছরের কম সময় ধরে পরিচালিত হচ্ছে, তারা সর্বোচ্চ পাঁচটি তাৎক্ষণিক ওয়ার্ক ভিসা পাবে। আগে তুলনামূলক বেশি সংখ্যক ভিসা পাওয়ার সুযোগ থাকলেও এখন নতুন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগে আরও সতর্ক অবস্থান নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

অন্যদিকে, দুই বছরের বেশি সময় ধরে পরিচালিত প্রতিষ্ঠানগুলো একবারে অথবা একই সপ্তাহে একাধিক আবেদনের মাধ্যমে সর্বোচ্চ ৫০টি ওয়ার্ক ভিসা নিতে পারবে। তবে এর জন্য প্রতিষ্ঠানকে নির্ধারিত সরকারি শর্ত পূরণ করতে হবে।

কিওয়া জানিয়েছে, ‘এস্টাবলিশমেন্ট প্রোগ্রাম’-এর আওতাভুক্ত এবং যোগ্য প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে দুটি ভিসা পাবে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির সৌদিকরণ (Saudization) হার বৃদ্ধি পেলে অতিরিক্ত ভিসা বরাদ্দ দেওয়া হতে পারে।

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সৌদি সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের সক্রিয় ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখা, কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট নিশ্চিত করা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন থাকা এবং সৌদিকরণ নীতিতে অন্তত ‘মিডিয়াম গ্রিন’ ক্যাটাগরিতে অবস্থান করা। পাশাপাশি মজুরি সুরক্ষা কর্মসূচির নিয়ম মেনে চলা এবং সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রয়োজনীয় ব্যালেন্স বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া ১০ বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের জন্য বার্ষিক স্ব-মূল্যায়ন সম্পন্ন করা, কিওয়া প্ল্যাটফর্মে কর্মস্থল নিবন্ধন করা, নিয়োগকর্তার ন্যূনতম বয়স ১৮ বছর হওয়া এবং ভিসা ক্যাটাগরি অনুযায়ী পর্যাপ্ত নিয়োগ কোটা থাকা আবশ্যক।

এই সিদ্ধান্তকে অনেকেই বিদেশি কর্মীদের জন্য "দুঃসংবাদ" হিসেবে দেখলেও বাস্তবে এটি মূলত নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ, অবৈধ নিয়োগ কমানো এবং সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ। বর্তমানে সৌদিতে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিসহ অন্যান্য দেশের কর্মীদের জন্য বৈধ নিয়োগকারী প্রতিষ্ঠান এবং অনুমোদিত ভিসা প্রক্রিয়ার গুরুত্ব আরও বেড়ে গেল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত