ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন: ভারত যেতে হলে মানতে হবে নতুন শর্ত

২০২৬ জুন ০২ ১৮:২২:০২

ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন: ভারত যেতে হলে মানতে হবে নতুন শর্ত

ভারতে দীর্ঘদিন অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন সংশোধনী অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক যদি ভারতে একটানা ১৮০ দিনের বেশি অবস্থান করতে চান, তবে তাকে সেই সময়সীমা পূর্ণ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকার ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ সংশোধন করে এই নতুন নিয়ম চালু করেছে।

আগের নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক ভারতে পৌঁছানোর পর ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধন করার আইনি সুযোগ পেতেন। তবে নতুন সংশোধনীতে এই অতিরিক্ত সময়সীমা বাতিল করা হয়েছে। এখন থেকে ১৮০ দিন বা তার কম মেয়াদী ভিসা নিয়ে যারা ভারতে প্রবেশ করবেন এবং পরবর্তীতে অবস্থানকাল বাড়াতে চাইবেন, তাদের অবশ্যই ১৮০ দিন শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন ও নিবন্ধন সারতে হবে।

এই নতুন নিয়মটি বিশেষ করে সেই সব বিদেশি পর্যটক বা নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও শর্ত থাকে যে, তারা প্রতিবার সফরে একটানা ১৮০ দিনের বেশি থাকতে পারবেন না। তাদের ক্ষেত্রেও একটানা থাকার মেয়াদ ১৮০ দিন পার হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। আগে ১৮০ দিন পূর্ণ হওয়ার পর যে শিথিলতা পাওয়া যেত, তা এখন থেকে আর কার্যকর থাকছে না।

ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর নিবন্ধনের আবেদন এখন থেকে আর সাধারণ প্রক্রিয়ায় গ্রহণ করা হবে না। অত্যন্ত জরুরি বা কোনো বিশেষ আপৎকালীন পরিস্থিতি ছাড়া বিলম্বে নিবন্ধনের বিষয়টি বিবেচনা করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মূলত অভিবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কঠোর করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত