ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা: অপেক্ষায় লাখো সরকারি কর্মচারী

২০২৬ জুন ০৩ ১৮:১৪:৪৪

পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা: অপেক্ষায় লাখো সরকারি কর্মচারী

আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের গুঞ্জন থাকলেও হাতে মাত্র কয়েকদিন সময় রেখে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে। আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন এবং ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকে সামনে রেখে এখন সবার নজর অর্থ মন্ত্রণালয়ের দিকে।

সরকারি চাকরিজীবীদের মতে, দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামোর আশায় তারা দিন গুনছেন। নির্বাচনী ইশতেহারে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক এ প্রসঙ্গে জানান, গণমাধ্যমে বিভিন্ন তথ্য এলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্রিফিং বা বিবৃতি না আসায় কর্মচারীদের মধ্যে মনের ভেতরে একটি ভয় ও অনিশ্চয়তা কাজ করছে। ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বিশাল বাজেটে তাদের ভাগ্যের জন্য কতটুকু বরাদ্দ রাখা হবে, তা নিয়ে তারা উদ্বিগ্ন।

এদিকে, নবম পে স্কেল বাস্তবায়নের গুঞ্জনে সরকারকে ধন্যবাদ জানালেও কর্মচারীদের পক্ষ থেকে প্রথম ধাপেই শতভাগ বেসিক (মূল বেতন) বাস্তবায়নের দাবি তোলা হয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত ১১ বছরে দ্রব্যমূল্য কয়েকগুণ বাড়লেও বেতন না বাড়ায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। অতীতে দেখা গেছে, পে স্কেল প্রদানের আগে মহার্ঘ ভাতা প্রদান করা হতো এবং প্রথম ধাপে শতভাগ বেসিক ও দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা দেওয়া হতো। কিন্তু এবার তিন ধাপে তিন বছরে পে স্কেল বাস্তবায়নের যে তথ্য শোনা যাচ্ছে, তা নিয়ে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সরকারি সূত্র অনুসারে, নতুন বেতন কাঠামো তিনটি অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। এর আওতায় আগামী জুলাই মাস থেকেই নতুন বেসিকের অর্ধেক অংশ এবং পরবর্তী অর্থবছরে বাকি অর্ধেক কার্যকর হতে পারে। এছাড়া ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা চালু করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে এই পুরো পরিকল্পনার সত্যতা এবং অর্থ বরাদ্দ সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে আগামী ১১ জুন, যখন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন। ৭ জুন রাষ্ট্রপতি কর্তৃক আহ্বানকৃত বাজেট অধিবেশন থেকেই এই শঙ্কার অবসান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত