ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ফুটবল বিশ্বকাপে টিকিট জালিয়াতির ফাঁদ: দর্শকদের সতর্ক করতে ফিফার বিশেষ পদক্ষেপ

২০২৬ জুন ০২ ১৬:৫৩:২৪

ফুটবল বিশ্বকাপে টিকিট জালিয়াতির ফাঁদ: দর্শকদের সতর্ক করতে ফিফার বিশেষ পদক্ষেপ

২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। ফিফার হুবহু নকল ওয়েবসাইট বানিয়ে সমর্থকদের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। নিজেকে সুরক্ষিত রাখতে জেনে নিন ফিফার নতুন নির্দেশনা।

ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র দিনকয়েক বাকি। বিশ্বজুড়ে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। বিশ্বকাপের টিকিট বিক্রির নামে ফিফার লোগো ও ব্র্যান্ডিং হুবহু নকল করে অসংখ্য ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে প্রতারকরা। সাধারণ ফুটবলপ্রেমীদের পকেট কাটতে এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে এই জালিয়াত চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে দর্শকদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ইউরোপীয় সাইবার নিরাপত্তা সংস্থা 'ইসেট' (ESET) ইতিমধ্যে এমন বেশ কিছু ভুয়া ওয়েবসাইট শনাক্ত করেছে। প্রতারকরা 'টাইপোস্কোয়াটিং' নামক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ফিফার মূল ওয়েবসাইটের ইউআরএল-এর সঙ্গে মিল রেখে ডোমেইন তৈরি করছে। এসব সাইটে ফিফার অফিশিয়াল লোগো, রঙ এবং নেভিগেশন মেনু এমনভাবে নকল করা হয়েছে যে, সাধারণ চোখে আসল ও নকলের পার্থক্য ধরা প্রায় অসম্ভব। টিকিট বা স্যুভেনির কেনার জন্য রেজিস্ট্রেশন করার নাম করে তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এবং ক্রেডিট কার্ডের ডিটেইলস হাতিয়ে নিচ্ছে।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতারক চক্র ডোমেইন নেম হিসেবে 'ফিফা' শব্দের সাথে ২০২৬ বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন শব্দ যুক্ত করে ডোমেইনের শেষে .shop, .store বা .site-এর মতো এক্সটেনশন ব্যবহার করছে। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই বিভ্রান্তিতে পড়ছেন। একটি ভুয়া সাইট বন্ধ বা ব্লক করে দিলে তারা যেন অন্যটি দিয়ে কার্যক্রম চালাতে পারে, সেই প্রস্তুতিও আগে থেকে নিয়ে রাখছে এই অপরাধী চক্র।

ফিফার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বিশ্বকাপের টিকিট কেনার একমাত্র অফিশিয়াল এবং বৈধ ওয়েবসাইট হলো FIFA.com/tickets। এর বাইরে অন্য যেকোনো ঠিকানায় লেনদেন করা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। দর্শকদের সুরক্ষায় ইসেট পরামর্শ দিয়েছে, যেকোনো লিংকে ক্লিক করার আগে ইউআরএল ভালোভাবে যাচাই করতে হবে এবং 'অবিশ্বাস্য রকমের সস্তা' বা লোভনীয় অফারগুলো এড়িয়ে চলতে হবে।

এবারের বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে এমনিতেই সমর্থকদের মাঝে অসন্তোষ রয়েছে। হিসাব অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ মাঠে বসে দেখতে একজন সমর্থককে প্রায় ৬,৯০০ ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে। আকাশচুম্বী মূল্যের এই টিকিটের চাহিদা কাজে লাগিয়ে যেন কেউ প্রতারিত না হয়, সেজন্য ফিফা তাদের নজরদারি ও আইনি তৎপরতা আরও জোরদার করেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত