ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সূর্যবংশীর ৯৬ রানের ঝড়ের পর গিলের সেঞ্চুরিতে, ফাইনালে যে দল

২০২৬ মে ৩০ ০০:৩৪:২১

সূর্যবংশীর ৯৬ রানের ঝড়ের পর গিলের সেঞ্চুরিতে, ফাইনালে যে দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটিং ঝড়ে দর্শকদের মুগ্ধ করেছে দুই দলই। তবে শেষ হাসিটা হেসেছে গুজরাট টাইটান্স। শুবমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।

নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। তবে একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসজুড়ে ছিল চোখধাঁধানো সব শট আর বাউন্ডারির বৃষ্টি।

সূর্যবংশীর সঙ্গে মাঝপথে যোগ দেন রবীন্দ্র জাদেজা। শেষ দিকে ডনোভান ফেরেইরার ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। জাদেজা অপরাজিত থাকেন ৪৫ রানে, আর ফেরেইরা করেন মাত্র ১১ বলে ৩৮ রান।

গুজরাটের হয়ে জেসন হোল্ডার ও কাগিসো রাবাদা দুটি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিল। পাওয়ারপ্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। ৩২ বলে ৫৮ রান করে সুদর্শন ফিরলেও গিল ছিলেন অপ্রতিরোধ্য।

রাজস্থানের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৫৩ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলেন গুজরাট অধিনায়ক। তার ইনিংসে ছিল একের পর এক দৃষ্টিনন্দন চার ও ছক্কা। শেষ দিকে রাহুল তেভাটিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।

৩১ মে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেই মহারণের দিকেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ