ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ক্যারিয়ারসেরা সুখবর পেলো মুশফিক-তাইজুল, ইতিহাস গড়ল বাংলাদেশ

২০২৬ মে ৩০ ০০:০২:১৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ক্যারিয়ারসেরা সুখবর পেলো মুশফিক-তাইজুল, ইতিহাস গড়ল বাংলাদেশ

পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই দুর্দান্ত সাফল্যের পর আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। একই সঙ্গে দল হিসেবেও নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছে টাইগাররা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ এখন টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে সবচেয়ে বড় অবদান রাখা মুশফিকুর রহিম ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন। এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং।

দুই ম্যাচের সিরিজে চার ইনিংসে ২৫৯ রান করেন মুশফিক। অন্যদিকে লিটন দাসও ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন। ২৩৯ রান করার সুবাদে তিনি ১৪ ধাপ এগিয়ে এখন ২৪তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়েও এসেছে সুখবর। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১তম স্থানে উঠে এসেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭৩২। সিলেট টেস্টে ম্যাচ জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন এই স্পিনার।

শুধু বোলিং নয়, অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাইজুলের। ব্যাট হাতে কার্যকর অবদান রাখায় তিনি তিন ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে অবস্থান করছেন।

এদিকে তরুণ পেসার নাহিদ রানাও র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। পাকিস্তানের ব্যাটারদের গতিতে চাপে ফেলে ১০ ধাপ এগিয়ে তিনি এখন ৫৪তম স্থানে আছেন। অফস্পিনার মেহেদী হাসান মিরাজও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে।

তবে কিছুটা অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর র‌্যাঙ্কিংয়ে। দ্বিতীয় টেস্টে ইনিংস বড় করতে না পারায় তিনি সাত ধাপ পিছিয়ে বর্তমানে ৩০তম স্থানে অবস্থান করছেন।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার এই অর্জন শুধু সিরিজ জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস এবং বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার বড় বার্তা হয়ে উঠেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ