ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এবার ওমানকে উড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

২০২৬ মে ২৯ ২৩:৩৫:৪৮

এবার ওমানকে উড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ওমানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি যদি “সঠিক আচরণ” না করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ইরান হরমুজ প্রণালিতে যাতায়াতকারী জাহাজের ওপর যৌথভাবে টোল আরোপের বিষয়ে ওমানের সমর্থন চাইছে। এই খবর প্রকাশের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প।

মঙ্গলবার (২৬ মে) এক অনানুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং কোনো একক দেশ এটি নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও তদারকি নিশ্চিত করবে।

ট্রাম্প আশা প্রকাশ করেন, ওমান পরিস্থিতির গুরুত্ব বুঝে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করবে না। তবে তার বক্তব্যের কিছু অংশ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা তৈরি করেছে।

বিশ্বের মোট খনিজ তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার জেরে গত ফেব্রুয়ারি থেকে প্রণালিটি কার্যত অচল অবস্থায় রয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম বেড়ে গেছে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির উদ্যোগ চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অভিযোগ—তেহরান ইচ্ছাকৃতভাবে আলোচনা দীর্ঘায়িত করছে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত পরিস্থিতি ঝুলিয়ে রাখতে চায়। অন্যদিকে ইরান ও ওমানের ঘনিষ্ঠ যোগাযোগ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত