ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস

২০২৬ মে ২৯ ২৩:১০:১২

একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত বন্ধের সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ২০২০ সালের পর এটিই তেলের দামের সবচেয়ে বড় মাসিক দরপতন।

শুক্রবার (২৯ মে) বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৪ ডলারে নেমে আসে। চলতি মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্টের দাম প্রায় ১৭ শতাংশ কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৪ ডলারে।

এর আগে সপ্তাহের শুরুতে ডব্লিউটিআইয়ের দাম ৯৪ দশমিক ৭০ ডলার পর্যন্ত উঠেছিল। তবে যুদ্ধবিরতির আশায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় বাজারে চাপ কমতে শুরু করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরান যুদ্ধ নিয়ে একটি শান্তিচুক্তির খসড়া মিত্র দেশগুলোর কাছে পাঠানোর পর থেকেই বাজারে স্বস্তি ফিরতে শুরু করে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি চূড়ান্ত হয়নি, তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, সমঝোতা খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

গত ৯০ দিন ধরে চলা এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছিল। বিশেষ করে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিতে বড় বাধা সৃষ্টি হয়। এতে জ্বালানি বাজারে চাপ বাড়ার পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কাও তীব্র হয়।

ডয়চে ব্যাংকের বিশ্লেষক হেনরি অ্যালেন বলেছেন, বাজার এখন সংঘাত নিরসনের বিষয়ে আশাবাদী হয়ে উঠছে। ফলে তেলের দাম কমার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির ঝুঁকিও কিছুটা কমেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

তেলের দাম কমার ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। শুক্রবার জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এছাড়া হংকংয়ের হ্যাং সেং সূচকও ঊর্ধ্বমুখী ছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত