ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নবম পে স্কেলে কার বেতন কত বাড়বে? সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

২০২৬ মে ২৭ ১১:৫৮:৫১

নবম পে স্কেলে কার বেতন কত বাড়বে? সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। সরকার দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রস্তাবিত এই বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা চলছে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেসিক দ্বিগুণ করার বিষয়েও আলোচনা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও অন্তর্ভুক্ত হতে পারেন। ফলে শিক্ষা খাতের লাখো শিক্ষক-কর্মচারীর মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে।

পে কমিশনের প্রাথমিক সুপারিশ অনুযায়ী, বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের ৫০ হাজার টাকার মূল বেতন বেড়ে ৭৫ হাজার টাকায় পৌঁছাতে পারে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫ হাজার ৫০০ টাকার বেসিক বেড়ে দাঁড়াতে পারে ৫৩ হাজার ২৫০ টাকায়।

সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বর্তমান ২৯ হাজার টাকার মূল বেতন বাড়িয়ে ৪৩ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এছাড়া নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২ হাজার টাকার বেসিক বেড়ে হতে পারে ৩৩ হাজার টাকা।

দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বর্তমান ১৬ হাজার টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে ২৪ হাজার টাকায় পৌঁছাতে পারে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য দুটি আলাদা হিসাব বিবেচনায় রয়েছে—একটি ৫০ শতাংশ বৃদ্ধি এবং অন্যটি শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধি।

১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান ১২ হাজার ৫০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে হবে ১৮ হাজার ৭৫০ টাকা। আর দ্বিগুণ হলে তা দাঁড়াবে ২৫ হাজার টাকায়।

১৬তম গ্রেডের অফিস সহকারী কাম হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটরদের বর্তমান ৯ হাজার ৩০০ টাকার বেসিক বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৯৫০ টাকা হতে পারে। দ্বিগুণ বৃদ্ধি কার্যকর হলে তা দাঁড়াবে ১৮ হাজার ৬০০ টাকায়।

একইভাবে ১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের ৮ হাজার ৮০০ টাকার মূল বেতন বেড়ে ১৩ হাজার ২০০ টাকা কিংবা দ্বিগুণ হলে ১৭ হাজার ৬০০ টাকায় উন্নীত হতে পারে।

২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার বেসিক ৫০ শতাংশ বৃদ্ধি পেলে হবে ১২ হাজার ৩৭৫ টাকা। আর দ্বিগুণ হলে তাদের বেতন দাঁড়াবে ১৬ হাজার ৫০০ টাকায়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বৈষম্যের শিকার। বর্তমান বাজারে বিদ্যমান বেতনে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই আসন্ন বাজেটে সরকার বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশাবাদী।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও যদি নতুন পে স্কেলের আওতায় আসেন, তাহলে দেশের শিক্ষা খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত