ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা

২০২৬ মে ২৭ ১০:০৩:১৫

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কুরবানি এবং হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন লাখো মুসল্লি।

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন ‘উকুফে আরাফা’ সম্পন্ন হওয়ার পর শুরু হয় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার জিলহজ মাসের ৯ তারিখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ১৬ লাখ হাজি সৌদি আরবের আরাফাত ময়দানে সমবেত হন। ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর।

সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাতের নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান করে নামাজ, দোয়া, তওবা-ইস্তিগফার ও কোরআন তিলাওয়াতে সময় কাটান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অশ্রুসিক্ত প্রার্থনায় মগ্ন ছিলেন লাখো মুসল্লি।

এবার নামিরা মসজিদ থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হয়। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, মানবতা ও বিশ্বশান্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরাফাত থেকে মুজদালিফায় রাতযাপনের পর আজ ১০ জিলহজ সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর হাজিরা পশু কুরবানি, মাথা মুণ্ডন এবং কাবা শরিফ তাওয়াফের মধ্য দিয়ে হজের বাকি কার্যক্রম সম্পন্ন করবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা পরিবার-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা আয়োজন করেছেন।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি সরকার ব্যাপক নিরাপত্তা, পরিবহন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। তীব্র গরমে হাজিদের স্বস্তি দিতে বিভিন্ন স্থানে ছায়া, ঠাণ্ডা পানি ও বিশেষ সেবা চালু রাখা হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত