ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

২০২৬ মে ২৪ ১১:৪৫:১৭

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রে অনুশীলন ক্যাম্প করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। শেষ পর্যন্ত ফিফার অনুমোদন নিয়ে নিজেদের বেস ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

আগের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসনে ক্যাম্প করার কথা ছিল ইরানের। তবে দুই দেশের চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ।

তিনি জানান, ফিফার সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক এবং তেহরান থেকে ভার্চুয়াল আলোচনার পর মেক্সিকোতে ক্যাম্প করার আবেদন অনুমোদন পেয়েছে ইরান। যদিও বিশ্বকাপের ম্যাচগুলো আগের সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানা-তে ঘাঁটি গড়বে ইরান দল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় যাতায়াতেও সুবিধা পাবে তারা। এছাড়া আধুনিক জিমনেসিয়াম, রেস্তোরাঁ এবং অনুশীলনের উন্নত সুবিধাও রয়েছে সেখানে।

ইরানের এই সিদ্ধান্তের ফলে সম্ভাব্য ভিসা জটিলতা ও রাজনৈতিক অস্বস্তিও অনেকটা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনে সীমান্ত ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে যাওয়ার পরিকল্পনাও রাখা হয়েছে।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ জি-তে খেলবে ইরান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর। ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। আগের আসরগুলোতে গ্রুপ পর্ব পেরোতে না পারলেও, এবার নতুন প্রস্তুতি ও পরিকল্পনায় ভালো কিছুর স্বপ্ন দেখছে টিম মেল্লি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত