ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় দেরির কারণ জানাল স্কালোনি, নতুন চমক হতে পারেন দুই ফুটবলার

২০২৬ মে ১৯ ১৮:৩০:২৩

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় দেরির কারণ জানাল স্কালোনি, নতুন চমক হতে পারেন দুই ফুটবলার

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। ইতোমধ্যে ব্রাজিল, ফ্রান্সসহ কয়েকটি বড় দল নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও এখনো অপেক্ষায় আছেন আর্জেন্টিনা সমর্থকরা। কারণ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এখনো আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেনি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবার বেশ সতর্কভাবেই এগোচ্ছেন। মূল স্কোয়াড ঘোষণার আগে তিনি বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা করেছেন। ইনজুরি পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় শুরু হবে দলের অনুশীলন ক্যাম্প। এরপর পুরো দল যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে। ফিফার নিয়ম অনুযায়ী, সব দলকে ৩০ মে’র মধ্যেই চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে।

স্কালোনির এই বাড়তি সতর্কতার পেছনে রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা। সে সময় শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। পরে জরুরি ভিত্তিতে দলে নেওয়া হয়েছিল আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে।

এবারও একই ধরনের পরিস্থিতি এড়াতে বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি। বিশেষ করে আক্রমণভাগের উইঙ্গার পজিশনে কয়েকজন ফুটবলারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় আছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমার তরুণ ফরোয়ার্ড মাতিয়াস সুলে।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত