ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাত্র ১০ মিনিটে বাংলাদেশিদের ভিসা দেবে যে দেশ

২০২৬ মে ১৪ ২০:৪৬:৫৫

মাত্র ১০ মিনিটে বাংলাদেশিদের ভিসা দেবে যে দেশ

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি জানিয়েছেন, এখন থেকে মাত্র ১০ মিনিটের মধ্যেই বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে। এই ঘোষণাকে দুই দেশের সম্পর্কের নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোলা সার্কিট হাউসের হলরুমে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। ভোলা চেম্বার অব কমার্স এ সভার আয়োজন করে। সেখানে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সংকটকালীন সময়ে আলজেরিয়া সব সময় পাশে ছিল এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কৃষি, সার ও জ্বালানি খাতে বাংলাদেশকে অত্যন্ত সম্ভাবনাময় দেশ হিসেবে দেখছে আলজেরিয়া। এসব খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

ভোলা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ভোলা একটি সুন্দর ও সম্ভাবনাময় জেলা। এখানে কৃষি, সার কারখানা ও জ্বালানি খাতে বড় ধরনের উন্নয়নের সুযোগ রয়েছে। বিশেষ করে সার কারখানা স্থাপনে আলজেরিয়া বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, এই উদ্যোগ বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত