ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন সবার প্রিয় ফুটবলার

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ মে ১২ ০৭:৪২:২৩

আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন সবার প্রিয় ফুটবলার

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বড় চমক দিয়েছে আর্জেন্টিনা। ৫৫ সদস্যের দলে জায়গা হয়নি তারকা ফুটবলার পাওলো দিবালার। ফলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে তার এই অনুপস্থিতি।

লিওনেল স্কালোনির ঘোষিত প্রাথমিক তালিকা থেকে পরবর্তীতে চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্বাচন করা হবে। আগামী ৩০ মে’র মধ্যে ফিফার কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে আর্জেন্টিনাকে।

শুধু দিবালাই নন, দীর্ঘদিন জাতীয় দলের পরিকল্পনায় থাকা আনহেল কোরেয়া এবং ভালেন্তিন কাস্তেয়ানোসও জায়গা পাননি প্রাথমিক তালিকায়। তাদের বাদ পড়া অনেক সমর্থকের কাছেই বিস্ময় হিসেবে এসেছে।

অন্যদিকে তরুণদের ওপর আস্থা রেখেছেন স্কালোনি। সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো, মাতিয়াস সুলে, মিলতোন দেলগাদো ও থোমাস আরান্দার মতো উদীয়মান ফুটবলাররা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাদের ডাকা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গোলরক্ষকদের তালিকায় সবচেয়ে বড় চমক সান্তিয়াগো বেলত্রান। রিভার প্লেটের এই তরুণ গোলকিপার অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজদের সঙ্গে জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে।

রক্ষণভাগেও এসেছে নতুন মুখ। নাহুয়েল মোলিনার ইনজুরির কারণে বিকল্প হিসেবে আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার ও নিকোলাস কাপালদোর মতো খেলোয়াড়দের রাখা হয়েছে।

তবে সব আলোচনার কেন্দ্রে আছেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে ঘিরেই আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামবে স্কালোনির দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত