ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীদের লিভ পারমিট ও ভিসা নিয়ে নতুন জরুরি নির্দেশনা জারি

২০২৬ এপ্রিল ২৬ ২২:২৩:০৪

প্রবাসীদের লিভ পারমিট ও ভিসা নিয়ে নতুন জরুরি নির্দেশনা জারি

কুয়েতে অবস্থানরত প্রবাসীদের লিভ পারমিট ও ভিসা ব্যবস্থাপনা নিয়ে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও কুয়েত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বুধবার (২২ এপ্রিল) দূতাবাসের প্রথম সচিব মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বিদেশি নাগরিকের কাছে কুয়েতের বৈধ সিভিল আইডি রয়েছে কিন্তু ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন, তাদের জন্য তিন মাস মেয়াদি বিশেষ ইলেকট্রনিক লিভ পারমিট চালু করা হয়েছে। এই ব্যবস্থা ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর রয়েছে।

এই লিভ পারমিটের মাধ্যমে প্রবাসীরা দেশের বাইরে থাকলেও তাদের সিভিল আইডির বৈধতা রক্ষা করা সম্ভব হবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত ডেটাবেইস ও সিস্টেম আপডেট করেছে।

তবে ভিসা নীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন ও কড়াকড়ি। নতুন নির্দেশনা অনুযায়ী, বেসরকারি খাত, গৃহকর্মী এবং পারিবারিক পুনর্মিলনসহ বিভিন্ন ক্যাটাগরির এন্ট্রি ভিসা নিয়ে যেসব প্রবাসী নির্ধারিত সময়ে কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না।

অর্থাৎ যাদের পুরোনো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা সেই ভিসায় আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না। নতুন করে প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে আবারও নিয়ম অনুযায়ী নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।

কুয়েত সরকার ভিসা ইস্যু প্রক্রিয়া পুনরায় চালু করার পর থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের নিয়ম মেনে চলা এবং প্রয়োজনীয় তথ্যের জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন নির্দেশনা প্রবাসী শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হলেও অনেক প্রবাসীর জন্য অতিরিক্ত সতর্কতা ও পরিকল্পনার প্রয়োজন হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত