ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

২০২৬ এপ্রিল ১০ ১৭:৫৯:০৮

এসএসসি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে, সে লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ প্রেক্ষিতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্ট সকলকে নকলমুক্ত, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামসহ বিভিন্ন বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সভায় তিনি স্পষ্টভাবে জানান, পরীক্ষা কেন্দ্র করে কোনো ধরনের আতঙ্ক বা গুজব ছড়াতে দেওয়া হবে না এবং প্রতিটি কেন্দ্রকে কঠোর নজরদারির আওতায় আনা হবে।

নিরাপত্তা জোরদারে প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি এড়াতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের কথাও বলা হয়েছে। বিশেষ করে দুর্গম ও পার্বত্য এলাকার কেন্দ্রগুলোতে এসব ব্যবস্থা পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রী শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, অতীতের মতো এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকল প্রতিরোধ সম্ভব। তিনি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এছাড়া খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দিয়ে তিনি বলেন, পরীক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করতে হবে—কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু পরীক্ষা আয়োজনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন মন্ত্রী। তিনি মনে করেন, একটি মেধাভিত্তিক জাতি গঠনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত