ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সম্পত্তি,র ভাগাভাগি জেরে বাবার লাশ দাফনে বাধা; ৩০ ঘণ্টা পর যা হলো

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১০:৫০:২০

সম্পত্তি,র ভাগাভাগি জেরে বাবার লাশ দাফনে বাধা; ৩০ ঘণ্টা পর যা হলো

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ৭৫ বছর বয়সী আজিজার রহমান মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন। পরদিন বুধবার সকাল ১১টায় জানাজার জন্য সময় নির্ধারণ করা হলেও, সম্পত্তি বণ্টন নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধের কারণে জানাজা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।

মরদেহ কাফন পরানো অবস্থায় বাড়ির আঙিনায় রাখা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজিজার রহমান জীবদ্দশায় বাড়ি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম (ওরফে টাইগার) নামে লিখে দেন। এ নিয়ে প্রথম স্ত্রী ও তার সন্তান আবদুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

দিনভর স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে একাধিক বৈঠক করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাত ১০টায় স্থানীয় সালিশে চূড়ান্ত সমঝোতা হয়। বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের প্রাপ্য হিসেবে বণ্টন করা হবে। পাশাপাশি আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেষমেশ, স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা সম্পন্ন করা হয় এবং রাত ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়।

স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দাফনের বিলম্বের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, “জমিসংক্রান্ত বিষয় পারিবারিক আদালতের মাধ্যমে সমাধান করা যেত। জন্মদাতা বাবার মরদেহ ৩০ ঘণ্টা ফেলে রেখে দাফন করা অমানবিক।”

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা হিল জামান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি এবং বিষয়টি তার জানা নেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ