ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা: এ কে আজাদের বক্তব্য ঘিরে আলোচনা

২০২৬ জুন ০৯ ০৭:১০:২৭

১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা: এ কে আজাদের বক্তব্য ঘিরে আলোচনা

বাংলাদেশের শিল্প খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। তিনি জানিয়েছেন, উৎপাদন খরচ কমানো ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এআই ব্যবহারের মাধ্যমে জনবল কমানোর পরিকল্পনা করা হচ্ছে।

একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কে আজাদ বলেন, বিশ্ব অর্থনীতি যেভাবে এগোচ্ছে, বাংলাদেশ সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। বিদেশি ক্রেতারা (বায়ার) পণ্যের দাম বাড়াতে রাজি নয়, ফলে উৎপাদন খরচ কমাতে প্রযুক্তিনির্ভরতার দিকে যেতে হচ্ছে।

তিনি আরও জানান, তার প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৭৫ হাজার কর্মী কাজ করছেন। এর মধ্যে ধাপে ধাপে প্রায় ১০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা রয়েছে, যেখানে এআই ও অটোমেশনের মাধ্যমে অনেক কাজ সম্পন্ন করা হবে।

এ কে আজাদ বলেন, এই পরিবর্তনের ফলে যেসব কর্মী চাকরি হারাবেন তারা সবাই দক্ষ বা স্কিলড। তাই তাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টি এখনই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এ ক্ষেত্রে সরকারের নীতিগত সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, উচ্চ সুদের হার ও উৎপাদন খরচ বৃদ্ধি অনেক কারখানার জন্য চাপ তৈরি করছে। এর ফলে শুধু গার্মেন্টস নয়, বিভিন্ন শিল্পখাতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

তার মতে, বাংলাদেশের অর্থনীতির বড় অংশ অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল। তাই শুধু রপ্তানি খাত নয়, দেশের ভেতরের বাজারকেও শক্তিশালী করা প্রয়োজন, যাতে সামগ্রিক অর্থনীতি টিকে থাকে।

এ কে আজাদের এই বক্তব্যের পর শ্রমবাজারে এআই-এর প্রভাব, কর্মসংস্থান হ্রাস এবং শিল্প খাতে অটোমেশনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত