ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চরম উত্তেজনায় শেষ হলো অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচ

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ০৮:২৮:৪৪

চরম উত্তেজনায় শেষ হলো অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচ

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৭ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। দুই অধিনায়কই সেঞ্চুরি করলেও ইংল্যান্ডের থমাস রিউয়ের শতক দলকে জয়ের পথ দেখায়, বিপরীতে অস্ট্রেলিয়া অধিনায়ক ওলিভার পিকের সেঞ্চুরি থেকেও বাঁচেনি দল।

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান তুলে। থমাস রিউ ১০৭ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শুরুতে ৬০ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়লেও রিউ এবং ক্যালেব ফ্যালকনার ১৩৫ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ফ্যালকনার করেন ৪০ রান, আর শেষ দিকে ফারহান আহমেদ ছিলেন অপরাজিত ২৮ রানে।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হেইডেন শিলার এবং নাডেন কুরে দু’টি করে উইকেট নেন।

রান তাড়ায় শুরুটা ভালো করে অজি যুবারা। ওপেনার নিতেশ স্যামুয়েল ৮৩ বলে ৪৭ রান করে দলকে এগিয়ে নেন। তবে তার আউটের পর ম্যাচের মোড় ঘুরে যায়। অল্প সময়ের ব্যবধানে অস্ট্রেলিয়া মিডল অর্ডারের তিন ব্যাটারকে হারালে ম্যাচ ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ে। তবু লড়াই চালিয়ে যান অধিনায়ক ওলিভার পিক। দ্রুত হাফ–সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৮৫ বলে শতক স্পর্শ করেন তিনি।

শেষ ১৬ বলে জয়ের জন্য দরকার ছিল ২৮ রান। হাতে ছিল একটি উইকেট। তখনই জেমস মিন্টোর বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন পিক। এরপরই ইংল্যান্ড শিবিরে শুরু হয় উদযাপন।

ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক থমাস রিউ বলেন,“অনুভূতিটা অসাধারণ। ছেলেদের বলেছিলাম, মুহূর্তটা উপভোগ করতে। অলি পিক দারুণ খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত জিততে পেরে আমরা খুবই খুশি। চাপের সময়ে বোলাররা দুর্দান্ত ইয়র্কার করেছে।”

ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতেছে একবার—১৯৯৮ সালে। ২০২২ সালে তারা রানার্সআপ হয়েছিল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ