ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পিএসএলের নিলামে চমক দেখালো মুস্তাফিজ, আছেন ওয়ার্নার-ডু প্লেসিরাও

২০২৬ জানুয়ারি ৩০ ১৯:২৯:৪৫

পিএসএলের নিলামে চমক দেখালো মুস্তাফিজ, আছেন ওয়ার্নার-ডু প্লেসিরাও

আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার কয়েক দিনের মধ্যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর নিলামে নাম লিখিয়েছেন। তার সঙ্গে পিএসএলের নিলামের তালিকায় আছেন বিশ্বকাপের নামকরা তারকা ক্রিকেটাররা—জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মঈন আলী, ফাফ ডু প্লেসি ও কেশভ মহারাজ।

মুস্তাফিজের আইপিএল খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। গত ডিসেম্বরে হওয়া নিলামে কলকাতা, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের প্রতিযোগিতায় ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা। কিন্তু ভারত ও বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা এবং দেশটির সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কিছু ধর্মীয় সংগঠন ও বিজেপির একাংশ চাপ সৃষ্টি করে। পরে আইপিএল কর্তৃপক্ষের নির্দেশে মুস্তাফিজকে কলকাতা ছাড়তে হয়।

আইপিএল থেকে বাদ পড়ার পরই মুস্তাফিজ পিএসএলে নাম লিখান। পিএসএলের অফিসিয়াল পেজে পোস্ট করা একটি ছবিতে লেখা হয়,“মুস্তাফিজুর রহমান—পিএসএলের নতুন যুগে স্বাগতম।”

পিএসএলে কোন ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেবে তা এখনো নিশ্চিত নয়। তবে গত মৌসুমে খেলতে না পারায় তাকে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ আছে ফ্র্যাঞ্চাইজিদের। মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলেছিলেন, যেখানে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন।

পিএসএলের নিলামের জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। বিদেশিরা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এর পর ৪ বা ৫ ফেব্রুয়ারি পিএসএলের ৮ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হতে পারে। নিলামের পূর্ণ তালিকা ৮ বা ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এবং নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। এর আগে মুলতান সুলতান দলের নিলাম আয়োজন করবে পিসিবি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ