ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তান বিশ্বকাপে না খেললে বড় চমক! বিকল্প দল নিয়ে আলোচনায় আইসিসি

২০২৬ জানুয়ারি ২৯ ১৮:৫৪:০৫

পাকিস্তান বিশ্বকাপে না খেললে বড় চমক! বিকল্প দল নিয়ে আলোচনায় আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের সম্ভাব্য বয়কট নিয়ে যখন আন্তর্জাতিক ক্রিকেটে জল্পনা তুঙ্গে, তখন বিষয়টিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে পাকিস্তানের অনুপস্থিতিতে বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সম্প্রতি আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রসিকতাপূর্ণ পোস্ট করে জানায়, যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের পরিবর্তে আইসল্যান্ড দল খেলতে প্রস্তুত। পোস্টে আরও বলা হয়, “পাকিস্তানের সিদ্ধান্ত দ্রুত জানানো দরকার, কারণ ২ ফেব্রুয়ারির পর কলম্বো যাওয়ার ফ্লাইট পাওয়া কঠিন হয়ে যেতে পারে। আমাদের ওপেনার আবার ঠিকমতো ঘুমোতেও পারে না!”—এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তার দাবি, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশেরও পাকিস্তানের মতো ‘হাইব্রিড মডেল’-এ ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত ছিল।

হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে। তবে আইসিসি জানিয়েছে, ভারতের নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি। এ অবস্থায় পিসিবির কড়া অবস্থানের কারণে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে—এমন গুঞ্জন আবারও জোরালো হয়েছে।

যদিও এই বিতর্কের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ফলে শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। পুরো পরিস্থিতি এখন ক্রীড়ামোদীদের দৃষ্টি কেড়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ