ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলো পাকিস্তান, উঠলো আলোচনার ঝড়

২০২৬ জানুয়ারি ২৯ ১৬:১৯:০৬

বিশ্বকাপ নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলো পাকিস্তান, উঠলো আলোচনার ঝড়

ভারতে যেতে অস্বীকৃতি জানানোর জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছে না বাংলাদেশ। এই সিদ্ধান্তকে ‘অন্যায় ও পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে বাংলাদেশের প্রতি প্রকাশ্য সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি একপর্যায়ে আইসিসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথাও বিবেচনায় নেয় তারা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানান, বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে গুরুত্ব না দিয়ে ভারতীয় ভেন্যুতেই ম্যাচ খেলতে বাধ্য করায় আইসিসি চরম অবিচার করেছে। এই অবস্থায় পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জনের পথেও যেতে পারে—এমন ইঙ্গিত দিয়েই সোমবার পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।

তবে ভেতরের খবর বলছে ভিন্ন কথা। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাওয়ার নির্দেশ ইতোমধ্যেই পেয়েছে পাকিস্তান দল। শুধু তাই নয়, শ্রীলঙ্কার কলম্বো যাওয়ার ফ্লাইটও আগেভাগেই বুক করা হয়েছে। এমনকি সালমান আলী আঘার নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ার সঙ্গেই একই ফ্লাইটে কলম্বো যাবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এর অর্থ দাঁড়ায়—প্রকাশ্যে যতই কঠোর অবস্থান দেখাক, বাস্তবে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের ঝুঁকিপূর্ণ পথে যেতে চাইছে না। কারণ এই সিদ্ধান্তের ফল হতে পারে ভয়াবহ।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে যে মূল্য দিতে হতে পারে তা হলো—

আইসিসির টুর্নামেন্ট থেকে সাময়িক নিষেধাজ্ঞা

পার্টিসিপেশন ফি ও বার্ষিক রাজস্ব বণ্টন বন্ধ

দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ার ঝুঁকি

এশিয়া কাপ থেকে বাদ পড়া

পাকিস্তান সুপার লিগে (PSL) বিদেশি ক্রিকেটারদের জন্য এনওসি না পাওয়া

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ হারানো

সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পিএসএলে। বিদেশি তারকাদের অংশগ্রহণ ছাড়া লিগের বাণিজ্যিক মূল্য ধসে পড়বে, যা পাকিস্তান ক্রিকেটের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

এদিকে গুঞ্জন রয়েছে, পুরো টুর্নামেন্ট বয়কট না করলেও ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি এড়িয়ে যাওয়ার পথ খুঁজতে পারে পিসিবি। তবে সেটিও আইসিসির কঠোর প্রতিক্রিয়া ডেকে আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে বাংলাদেশের প্রতি সমর্থন জানালেও বাস্তবতা, আর্থিক ক্ষতি ও ভবিষ্যৎ নিষেধাজ্ঞার আশঙ্কা পাকিস্তানকে শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ