ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এইমাত্র পাওয়া : চালু হচ্ছে ওমানের ভিসা

২০২৬ জানুয়ারি ২৮ ২৩:৩৯:৫১

এইমাত্র পাওয়া : চালু হচ্ছে ওমানের ভিসা

দীর্ঘ প্রায় দুই বছর তিন মাসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে ওমানের শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা চালুর পথে বড় অগ্রগতি এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে স্থগিত থাকা সব ধরনের নতুন ভিসা আগামী দুই মাসের মধ্যেই পুনরায় চালু হতে পারে বলে নিশ্চিত করেছে ওমান সরকার।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের সাইডলাইনে এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এই আশাব্যঞ্জক তথ্য জানান। বৈঠকে তিনি বলেন, ওমানের অভ্যন্তরীণ শ্রমবাজার সংস্কার ও অনিয়মিত প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হওয়ায় এখন নতুন করে বিদেশি কর্মী নিয়োগের পথ খুলে দেওয়া হচ্ছে।

ওমান সরকারের ব্যাখ্যা অনুযায়ী, ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মূলত শ্রমবাজারে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধভাবে অবস্থানরত কর্মীদের বৈধ করার লক্ষ্যে। প্রায় ২৭ মাস ধরে চলা এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় আগামী মার্চ ২০২৬-এর মধ্যেই ওয়ার্ক ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের জুন মাসে চিকিৎসক, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ ১২টি বিশেষ পেশায় সীমিত আকারে ভিসা চালু করা হলেও সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা দীর্ঘদিন বন্ধই ছিল। নতুন সিদ্ধান্তের ফলে নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, পরিবহন ও সেবাখাতসহ বিভিন্ন সেক্টরে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এই ঘোষণায় মধ্যপ্রাচ্যে কাজ করতে ইচ্ছুক লাখো প্রবাসীপ্রত্যাশীর মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত