ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নাজমুলকে আবারও পদে ফেরানো হলো, কি ভাবছেন ক্রিকেটাররা

২০২৬ জানুয়ারি ২৬ ০৯:২৭:১১

নাজমুলকে আবারও পদে ফেরানো হলো, কি ভাবছেন ক্রিকেটাররা

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ হারিয়েছিলেন পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবির মুখে তাকে ওই দায়িত্ব থেকে সরাতে বাধ্য হয় বোর্ড।

যদিও ক্রিকেটারদের মূল দাবি ছিল, তাকে শুধু কমিটির পদ নয়—পরিচালক পদ থেকেও অব্যাহতি দেওয়া। সেই দাবি পূরণ না হলেও, আলোচনার মাধ্যমে এবং একদিনের বিপিএল বয়কটের পর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় বিসিবি। ক্রিকেটাররা আশ্বস্ত হয়েছিলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।

কিন্তু বিপিএল শেষ হওয়ার পরদিনই বোর্ড সভায় নাজমুল ইসলামকে আবারও আগের অর্থ কমিটির চেয়ারম্যানের পদে ফিরিয়ে আনা হয়। এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেক ক্রিকেটার। অনেকে মনে করছেন, বোর্ড তাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি।

নাম প্রকাশ না করার শর্তে একজন ক্রিকেটার ক্ষোভ প্রকাশ করে বলেন,“বোর্ড তো সবার সামনে আমাদের আশ্বস্ত করেছিল। তাহলে এখন আবার কীভাবে তাকে একই পদে বসানো হলো? আমরা সত্যিই বুঝে উঠতে পারছি না, এটা কেমন সিদ্ধান্ত।”

কোয়াবের এক শীর্ষ কর্মকর্তা আরও কঠোর ভাষায় বলেন,“বিপিএলের মতো বড় আসরে একদিন খেলা বয়কট করতে হলো, দর্শকদের ভুল বোঝাবুঝি হলো, গভীর রাত পর্যন্ত আলোচনা চলল। সবশেষে সেই ব্যক্তিকেই আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হলো। এটাকে প্রতারণা ছাড়া আর কী বলা যায়?”

তবে এখনই আন্দোলনে যাওয়ার ঘোষণা দিচ্ছেন না ক্রিকেটাররা। কোয়াবের আরেক সদস্যের ভাষায়,“আমাদের মূল কাজ ক্রিকেট খেলা। সারাক্ষণ আন্দোলন আর দাবিদাওয়া নিয়ে থাকলে অনুশীলন করবে কখন? আগে সবাই মিলে আলোচনা করবো, তারপর প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবো।”

সব মিলিয়ে নাজমুল ইসলামের পুনর্বহালকে কেন্দ্র করে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে নতুন করে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। সামনে আলোচনার টেবিলে বিষয়টি কীভাবে সমাধান হয়, সেটাই এখন দেখার বিষয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ