ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা যা বললেন : লিটন

২০২৬ জানুয়ারি ২১ ০৮:১২:১৩

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা যা বললেন : লিটন

বিশ্বকাপ আয়োজন ও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে একাধিকবার আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে খেলোয়াড়দের প্রস্তুতিতেও। কোথায় খেলতে হবে, কোন ভেন্যুতে মাঠে নামতে হবে—এ বিষয়ে নিশ্চিত না থাকায় মানসিকভাবে প্রস্তুতি নেওয়াও কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন ক্রিকেটাররা।

মঙ্গলবার এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটান্সের কাছে হেরে বিদায় নেয় রংপুর রাইডার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের অধিনায়ক লিটন দাস। সেখানে বিশ্বকাপ প্রসঙ্গে একাধিক প্রশ্ন এড়িয়ে যান তিনি। জানান, এখনো এ বিষয়ে বোর্ডের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তার।

এক পর্যায়ে লিটন বলেন,“আগেই যদি জানা থাকত গ্রুপ কারা, কোন দেশে খেলতে হবে, তাহলে প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হতো। কিন্তু এখনো আমাদের ১৫ জনের স্কোয়াড পর্যন্ত জানে না আমরা কোথায় যাচ্ছি বা কাদের বিপক্ষে খেলব।”

মিডিয়ায় সম্প্রতি গুঞ্জন উঠেছিল, বিসিবিকে ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন তথ্য অস্বীকার করেছে। ফলে কবে নাগাদ এই জটিলতা কাটবে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই প্রশ্ন তুলেছেন লিটন। তিনি বলেন,“ওয়ার্ল্ড কাপ এখনও অনেক দূরে, কিন্তু আদৌ আমরা খেলব কি না সেটাও নিশ্চিত না। টি-টোয়েন্টির জন্য কেমন উইকেট হবে, সেটাও স্পষ্ট নয়। কোয়ালিফায়ারে ভালো উইকেট আশা করেছিলাম।”

খোলাখুলিভাবেই নিজের অনিশ্চয়তার কথা স্বীকার করে লিটন বলেন, পুরো দলই একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।“আমি যেমন অনিশ্চিত, তেমনি সবাই অনিশ্চিত। আমার মনে হয় এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চয়তার মধ্যে আছে।”

বিশ্বকাপ ঘিরে এই সিদ্ধান্তহীনতা দ্রুত কাটবে—এমন আশায় এখন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক সবাই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ