ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইসিসি থেকে আসলো বড় সুখবর

২০২৬ জানুয়ারি ২০ ১৯:৫৩:১৯

আইসিসি থেকে আসলো বড় সুখবর

বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য এলো আনন্দের খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার। ব্যাটারদের তালিকায় এক লাফে ১৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৫৭তম স্থানে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‍্যাংকিংয়ে দেখা যায়, শারমিনের রেটিং এখন ৪৩৪। চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংসই এই উন্নতির মূল কারণ। সেই ম্যাচে ৩৯ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ রান করে ম্যাচসেরা হন তিনি এবং তার ব্যাটেই ২১ রানের জয় পায় বাংলাদেশ দল।

এই পারফরম্যান্সের সুবাদে র‍্যাংকিংয়ে বড় উত্থান হলেও সাপ্তাহিক আপডেটে বাংলাদেশের অন্য কোনো ব্যাটার বা বোলারের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। বর্তমানে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের সেরা অবস্থানে আছেন অধিনায়ক নিগার সুলতানা। তার রেটিং ৬০৩ এবং অবস্থান ১৮তম। শারমিন এখন তার ঠিক পরেই বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছেন।

বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষে ব্যাটার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, যার রেটিং ৭৯৪। বোলারদের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থান লেগ স্পিনার রাবেয়া খানের, ৬৬০ রেটিং নিয়ে তিনি আছেন ১৫তম স্থানে। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।

শারমিন আক্তারের এই অগ্রগতি শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটের জন্যও আশাব্যঞ্জক বার্তা। বিশ্বকাপ বাছাইপর্বে তার মতো ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্স দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ