ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ সবকিছু থেকে বিরতি নিলেন নেহা কক্কর: কাজ, সম্পর্ক ও জনসম্মুখ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

২০২৬ জানুয়ারি ১৯ ১৮:২৬:০২

হঠাৎ সবকিছু থেকে বিরতি নিলেন নেহা কক্কর: কাজ, সম্পর্ক ও জনসম্মুখ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর হঠাৎ করেই নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধরনের বিরতির ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তার মাধ্যমে তিনি জানান, আপাতত কাজ, সম্পর্ক এবং জনসম্মুখের জীবন—সবকিছু থেকেই সরে দাঁড়াতে চান।

নিজের শেয়ার করা নোটে নেহা লেখেন,“দায়িত্ব, সম্পর্ক, কাজ—এই মুহূর্তে যেসব বিষয় আমাকে ঘিরে আছে, সবকিছু থেকেই একটু থামার সময় এসেছে। আমি আবার ফিরব কি না, সেটাও এখন নিশ্চিত নই। সবাইকে ধন্যবাদ।”

এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও উদ্বেগ। কারণ, নেহা কক্কর মানেই ছিল টানা কাজ, শো, রেকর্ডিং আর টিভি রিয়েলিটি শোর বিচারকের আসনে নিয়মিত উপস্থিতি। এমন একজন তারকার হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া অনেকের কাছেই অপ্রত্যাশিত।

শুধু কাজ নয়, পাপারাজ্জি ও অনুরাগীদের কাছেও বিশেষ অনুরোধ জানিয়েছেন এই গায়িকা। তিনি লিখেছেন,“দয়া করে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আমার গোপনীয়তা সম্মান করুন। আমি একটু শান্তিতে, স্বাধীনভাবে থাকতে চাই। এখন কোনো ছবি বা ভিডিও চাই না—এটাই আমার মানসিক শান্তির জন্য সবচেয়ে জরুরি।”

নেহা কেন এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানাননি। ব্যক্তিগত জীবন, মানসিক চাপ, না কি কাজের অতিরিক্ত ব্যস্ততা—সব মিলিয়ে কোনো ভেতরের সংকট থেকেই কি এই বিরতির সিদ্ধান্ত? এমন প্রশ্নই এখন ঘুরছে ভক্তদের মনে।

উল্লেখ্য, নেহা কক্কর সংগীতজগতে পা রাখেন খুব অল্প বয়সেই। তিনি বিখ্যাত সংগীতশিল্পী সোনু কক্কর ও টনি কক্করের ছোট বোন। ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় সিজনে অংশ নেওয়ার মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পান। এরপর ‘লন্ডন ঠুমকদা’, ‘সানি সানি’, ‘কালা চশমা’, ‘দিলবর’, ‘আঁখ মারি’সহ একের পর এক সুপারহিট গানে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন।

এখন হঠাৎ তার এই বিরতি ঘোষণায় অনুরাগীরা যেমন দুশ্চিন্তায়, তেমনি আশা করছেন—সবকিছু সামলে নিয়ে প্রিয় গায়িকা আবারও নতুন উদ্যমে সংগীতের মঞ্চে ফিরবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত