ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় মোড়: বাংলাদেশকে সমর্থনে অটল পাকিস্তান, প্রস্তুতি স্থগিত পিসিবির

২০২৬ জানুয়ারি ১৯ ১৫:৪৯:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় মোড়: বাংলাদেশকে সমর্থনে অটল পাকিস্তান, প্রস্তুতি স্থগিত পিসিবির

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করার পর এবার প্রকাশ্যে তাদের পাশে দাঁড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে—যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয়, সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে, তার একটি রূপরেখা জমা দিতে বলা হয়েছে।

পিসিবির এই সিদ্ধান্তের মূল কারণ বাংলাদেশের অবস্থানকে ঘিরে চলমান অনিশ্চয়তা। পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে, ভারতে খেলতে না যাওয়ার পেছনে বাংলাদেশের যে নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ রয়েছে, তা যৌক্তিক ও বাস্তবসম্মত। তাই এই ইস্যুতে বাংলাদেশকে একঘরে করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পাকিস্তান তা মেনে নেবে না।

সূত্র জানায়, যদি বাংলাদেশের দাবির কোনো গ্রহণযোগ্য সমাধান না আসে, তাহলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নতুন করে বিবেচনা করতে পারে। এমনকি প্রয়োজন হলে পুরো টুর্নামেন্ট বয়কটের দিকেও যেতে পারে পিসিবি।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে শক্ত অবস্থান নিলে আইসিসিকে বাধ্য হয়েই বিকল্প ভেন্যু বা সমঝোতার পথে যেতে হবে। নচেৎ বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের কূটনৈতিক ও সাংগঠনিক সংকট তৈরি হতে পারে।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এই বৈশ্বিক আসরের। তবে বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্টের আয়োজন ও ভেন্যু নিয়ে অনিশ্চয়তা ক্রমেই ঘনীভূত হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ