ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তানের ক্রিকেটে ঘটলো এক আজব ঘটনা, অবাক ক্রিকেট বিশ্ব

২০২৬ জানুয়ারি ১৮ ০৮:০৮:৩৩

পাকিস্তানের ক্রিকেটে ঘটলো এক আজব ঘটনা, অবাক ক্রিকেট বিশ্ব

মাঠের ভেতর হোক কিংবা বাইরে—অদ্ভুত আর বিতর্কিত ঘটনায় পাকিস্তানের ক্রিকেট বরাবরই আলোচনায় থাকে। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তার ব্যতিক্রম হলো না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এমন এক দৃশ্য দেখা গেল, যা দেখে অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এক পাক ব্যাটার এমনভাবে আউট হয়েছেন, যেন তিনি নিজেই নিজের উইকেট উপহার দিয়ে দিলেন!

শুক্রবারের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩৭ রানে হারে পাকিস্তান। কিন্তু ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছেন তরুণ ক্রিকেটার আলী রাজা। ইনিংসের ৪৭তম ওভারে ঘটে যায় এই আজব ঘটনা। তখন পাকিস্তানের স্কোরবোর্ডে ৯ উইকেট পড়ে গেছে, ম্যাচ কার্যত হাতছাড়া।

ক্রিজে ছিলেন আলী রাজা ও মোমিন কমর। ওভারের তৃতীয় বলে আলী রাজা বলটি সোজা ফিল্ডারের দিকে মারেন এবং স্বাভাবিকভাবেই কয়েক পা এগিয়ে রান নেওয়ার চেষ্টা করেন। তবে অপর প্রান্তে থাকা মোমিন কমর তাকে দ্রুত ফিরে যেতে ইশারা করেন। আলী তখন ক্রিজে ফেরার উদ্যোগ নেন।

কিন্তু ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি। ফিল্ডারের থ্রো তার শরীরে লাগতে পারে—এই ভয়ে তিনি ক্রিজের ভেতরে ঢোকার বদলে সামান্য সরে যান। আর সেই ফাঁকেই ইংল্যান্ডের উইকেটকিপার থমাস রিউ নিখুঁতভাবে বল ধরে স্টাম্প ভেঙে দেন। ফলাফল—আলী রাজা রানআউট!

নিজের ভুল সিদ্ধান্ত আর মুহূর্তের দ্বিধাই তাকে এনে দেয় এই অদ্ভুত পরিণতি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি। নেটিজেনরা কেউ মজা করছেন, কেউ আবার আক্ষেপ করে বলছেন—“এমন কাণ্ড কেবল পাকিস্তানের ক্রিকেটেই সম্ভব!”

এই ঘটনার মাধ্যমে আরেকবার প্রমাণ হলো, ক্রিকেট শুধু দক্ষতার খেলা নয়, বরং উপস্থিত বুদ্ধি আর মুহূর্তের সিদ্ধান্তই অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত