ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মালয়েশিয়া প্রবাসীদের জন্য দারুণ সুখবর

২০২৬ জানুয়ারি ১৭ ২০:০১:১২

মালয়েশিয়া প্রবাসীদের জন্য দারুণ সুখবর

মালয়েশিয়ায় অবস্থানরত লাখো বাংলাদেশি প্রবাসীর জন্য কনসুলার সেবা গ্রহণ এখন আরও সহজ ও ঝামেলামুক্ত হতে যাচ্ছে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কনসুলার ফি পরিশোধ ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে।

হাইকমিশনের ঘোষণায় জানানো হয়েছে, এখন থেকে ভিসা, পাসপোর্ট, সত্যায়ন, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন কনসুলার সেবার ফি পরিশোধ করা যাবে ডেবিট কার্ড ও কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে। মেব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিস ব্যবহার করে সরাসরি হাইকমিশনের সার্ভিস কাউন্টার থেকেই এই অর্থ পরিশোধের সুবিধা মিলবে।

এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে হাইকমিশনের কুয়ালালামপুরের কার্যালয়ে, যার ঠিকানা—৮, লরং ইয়াপ কাওয়ান সেং, ৫০৪৫০, কুয়ালালামপুর।

আগের মতো মেব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের সুবিধাও বহাল থাকবে। ফলে প্রবাসীরা চাইলে ব্যাংকে গিয়ে, আবার চাইলে সরাসরি হাইকমিশনে এসে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।

হাইকমিশনের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নতুন পেমেন্ট পদ্ধতি ১৬ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এর লক্ষ্য হলো কনসুলার সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করা।

প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এই উদ্যোগের ফলে ব্যাংকে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে, সময় বাঁচবে এবং সেবাপ্রাপ্তি হবে আরও সহজ ও নিরাপদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত