ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্বর্ণবাজারে সুখবর: একলাফে কমলো সোনার দাম

২০২৬ জানুয়ারি ১৬ ১৬:৩৩:৫৯

স্বর্ণবাজারে সুখবর: একলাফে কমলো সোনার দাম

বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসায় এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হ্রাস পেয়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের জন্য এসেছে কিছুটা স্বস্তির খবর।

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুরে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রায় ৪,৬০৪ ডলারে। একই সঙ্গে ফিউচার মার্কেটেও দর কিছুটা নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদহার শিগগির কমার সম্ভাবনা কম থাকায় বিনিয়োগকারীরা এখন সোনা থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিচ্ছেন।

বিশেষজ্ঞ কাইল রোডা জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনার আশঙ্কা কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা হ্রাস পেয়েছে। এ কারণেই দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

দেশীয় বাজারেও সোনার দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এদিকে শুধু সোনাই নয়, আন্তর্জাতিক বাজারে রুপা ও প্লাটিনামের দামও কমেছে। এতে করে মূল্যবান ধাতুর বাজারে সামগ্রিকভাবে কিছুটা মন্দাভাব দেখা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের এই দরপতন সাময়িক হতে পারে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে দাম আবার বাড়ার সম্ভাবনাও রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত