ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

“আমরা সরকারের টাকা খাই না, মিরাজের বিস্ফোরক বক্তব্যে তোলপাড় ক্রিকেটপাড়া

২০২৬ জানুয়ারি ১৫ ১৭:৪৯:০৫

“আমরা সরকারের টাকা খাই না, মিরাজের বিস্ফোরক বক্তব্যে তোলপাড় ক্রিকেটপাড়া

বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে যখন পুরো ক্রিকেট অঙ্গন উত্তাল, ঠিক তখনই সরাসরি মাঠে নেমে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন— ক্রিকেটাররা সরকারের টাকায় চলে না, বরং নিজেরাই সরকারকে মোটা অঙ্কের কর দেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,“অনেকেই মনে করেন আমরা জনগণের টাকায় বেতন পাই। খারাপ খেললে শুনতে হয়— আমাদের টাকায় খেলে কিছুই করো না। কিন্তু বাস্তবতা হলো, আমরা সরকারের কাছ থেকে কোনো বেতন পাই না। আমাদের আয় আসে আইসিসির রেভিনিউ আর স্পন্সরশিপ থেকে। আর সেই আয়ের ওপর আমরা নিয়মিত ২৫ শতাংশ আয়কর দিই।”

বিতর্কের সূত্রপাত যেভাবে

এর আগের দিন (১৪ জানুয়ারি) বিসিবি পরিচালক এম নাজমুল এক সংবাদ সম্মেলনে বলেন,বিশ্বকাপে না খেললে বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের, কারণ তারা ম্যাচ ফি পাবে না। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন— পারফরম্যান্স না করলেও যখন বেতন কাটা হয় না, তখন ক্ষতিপূরণ দেওয়া হবে কেন?

এমনকি তিনি আরও বলেন, বোর্ড ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু এখনো কোনো বৈশ্বিক শিরোপা আসেনি। এই বক্তব্যই আগুনে ঘি ঢালে।

ক্রিকেটারদের ক্ষোভ ও বয়কটের হুমকি

নাজমুলের মন্তব্যকে অপমানজনক ও বাস্তবতা বিবর্জিত বলে মনে করছে ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) তার পদত্যাগ দাবি করে একাধিক সংবাদ সম্মেলন করে এবং শেষ পর্যন্ত বিপিএল বয়কটের ডাক দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিসিবি এম নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিলেও এখনো তার পদত্যাগের ঘোষণা আসেনি।

মিরাজের বার্তা কী বোঝায়

মিরাজের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত—ক্রিকেটাররা দেশের জন্য খেলে আন্তর্জাতিক মঞ্চ থেকে আয় এনে দেন, সেই আয় থেকেই তারা বেতন পান এবং সেই আয়ের বড় অংশ সরকারকে কর হিসেবে দেন। কাজেই “জনগণের টাকায় চলে” এমন অভিযোগ বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।

এখন পুরো দেশের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এক জায়গায়— এম নাজমুলের ভবিষ্যৎ কী হবে, আর এই সংকট কীভাবে সমাধান হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ