ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বৈঠকে বিসিবিকে যে অনুরোধ করলো আইসিসি

২০২৬ জানুয়ারি ১৪ ১২:০৫:২৬

বৈঠকে বিসিবিকে যে অনুরোধ করলো আইসিসি

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে টানাপোড়েন আরও স্পষ্ট হলো। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে যেতে অনিচ্ছুক বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে আইসিসি। তবে সেই অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

মঙ্গলবার দুপুরে আইসিসি ও বিসিবির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিসিবির পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বর্তমান প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণেই তারা চায়, ভারতের পরিবর্তে নিরপেক্ষ বা বিকল্প কোনো দেশে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হোক।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এবং ভেন্যু, টিম লজিস্টিকস, সম্প্রচারসহ সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এমন অবস্থায় হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করা প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত দিক থেকে অত্যন্ত জটিল। তাই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্ত নতুন করে ভাবতে অনুরোধ জানায় সংস্থাটি।

তবে বিসিবির অবস্থান অপরিবর্তিত। বোর্ড জানিয়েছে, শুধুমাত্র প্রতিযোগিতার স্বার্থে কোনো ঝুঁকি নেওয়া হবে না। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অবস্থান বদলাবে না।

উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। সংকটের সমাধানে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি পারস্পরিক সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য পথ খুঁজে বের করার চেষ্টা চলবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ