ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ দলে ডাক না পেয়ে মুখ খুললেন : সাব্বির

২০২৬ জানুয়ারি ১৪ ০৯:৫৪:৩৩

বিশ্বকাপ দলে ডাক না পেয়ে মুখ খুললেন : সাব্বির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল মিডল অর্ডার। ধারাবাহিক ব্যর্থতায় শামীম হোসেন, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়ের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন বিকল্প হিসেবে ঘুরেফিরে যে নামটি শোনা যাচ্ছিল, তিনি সাব্বির রহমান। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচকদের আস্থার তালিকায় জায়গা হলো না অভিজ্ঞ এই হার্ডহিটার ব্যাটারের।

জাতীয় দলের হয়ে ৪৮টি টি-টোয়েন্টি খেলা সাব্বির প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তবুও বিপিএলে ভালো পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ দলে ফেরার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে ঢাকা ক্যাপিটালসের হয়ে চলতি বিপিএলে নিজের পছন্দের ব্যাটিং পজিশনে নিয়মিত সুযোগ না পাওয়ায় কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিতে পারেননি সাব্বির। দলও প্লে-অফের আগেই ছিটকে যাওয়ায় তার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলে না থাকা নিয়ে নিজের হতাশার কথা খোলামেলা বলেন সাব্বির। তিনি বলেন,“আপনারা কি জানেন আমি কোথায় ব্যাটিং করেছি, কত বল খেলেছি? ৭ বা ৮ নম্বরে নামলে যদি সামনে মাত্র ১৪–১৫ রান থাকে, তাহলে কি আমি গিয়ে ডিফেন্স করব? টি-টোয়েন্টিতে তো খেলতে হয় মোমেন্টাম ধরে রেখে।”

তিনি আরও জানান, নিজের জন্য চার বা পাঁচ নম্বর পজিশনটাই সবচেয়ে উপযুক্ত মনে করেন তিনি।“আমি দুইটা ম্যাচে সুযোগ পেয়েছি। সব ম্যাচেই তো সুযোগ আসে না। টিম ম্যানেজমেন্ট ভেবেছে আমি ৭–৮ নম্বরে ভালো খেলব, তাই সেখানেই নামিয়েছে। এর বেশি কিছু করার ছিল না,”—বললেন সাব্বির।

মোমেন্টামের কথাও উল্লেখ করে সাব্বির বলেন,“টি-টোয়েন্টি ক্রিকেটে গতি আর আত্মবিশ্বাসটাই আসল। শুরুতে আমাদের মোমেন্টাম ভালো ছিল, পরে সেটা হারিয়ে ফেলি। কিছু ঘাটতি ছিল, যেগুলো বিশ্লেষকরা দেখছেন। সামনে আরও দুটি ম্যাচ আছে, চেষ্টা করব ভালো কিছু করার।”

বিশ্বকাপ দলে জায়গা না পেলেও হতাশ না হয়ে আবারও নিজেকে প্রমাণ করার পথেই হাঁটছেন সাব্বির রহমান—এমনটাই বোঝা গেল তার কণ্ঠে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ