ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

উসকোখুসকো চুলের জন্য পার্লারে নয়, ভরসা রাখুন ঘরোয়া এই কৌশলে

২০২৬ জানুয়ারি ১৪ ০৮:১১:১৮

উসকোখুসকো চুলের জন্য পার্লারে নয়, ভরসা রাখুন ঘরোয়া এই কৌশলে

শ্যাম্পু করার পর চুল এলোমেলো হয়ে যাওয়া, আগা শুকিয়ে যাওয়া কিংবা ঘন ঘন জট পড়া—এই সমস্যাগুলো অনেকেরই পরিচিত। রুক্ষ ও উসকোখুসকো চুল শুধু দেখতেই খারাপ নয়, পুরো সাজগোজও মাটি করে দেয়। বিশেষজ্ঞদের মতে, চুলের সঠিক যত্ন না নিলে এই সমস্যা আরও বাড়তে পারে।

চুলের বাইরের স্তরে থাকা সূক্ষ্ম আবরণকে বলা হয় কিউটিকল। এই আবরণ ক্ষতিগ্রস্ত হলে চুল রুক্ষ হয়ে যায়। কিউটিকল খুলে গেলে বাতাসের জলকণা চুলের ভেতরে ঢুকে পড়ে, ফলে চুল ফুলে ওঠে, জট পড়ে এবং নিয়ন্ত্রণে থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম জল দিয়ে চুল ধোয়া, ভুল শ্যাম্পু ব্যবহার, বারবার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার, ভেজা চুলে চিরুনি চালানো কিংবা তোয়ালে দিয়ে জোরে মাথা মোছার মতো অভ্যাস চুলের কিউটিকল নষ্ট করে। আবহাওয়ার পরিবর্তনও এই সমস্যার অন্যতম কারণ।

শ্যাম্পুর আগে যা করবেন

চুল ধোয়ার আগে হালকা তেল ব্যবহার করা জরুরি। নারকেল তেল বা আমন্ড অয়েল চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত লাগাতে পারেন। মাথার ত্বক খুব শুষ্ক হলে তবেই সেখানে তেল মালিশ করা উচিত। আধা ঘণ্টা রেখে চুল ধুতে হবে। আঁচড়ানোর সময় বড় দাঁতের চিরুনি ব্যবহার করে নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠতে হবে।

চুল ধোয়ার সঠিক নিয়ম

সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করা ভালো। খুব গরম জল এড়িয়ে হালকা উষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে চুল ধোয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কন্ডিশনার ব্যবহার করার সময় গোড়ায় নয়, চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত লাগাতে হবে। ৩–৫ মিনিট রেখে ধুয়ে ফেলাই যথেষ্ট।

চুল শুকোনোর ক্ষেত্রে সতর্কতা

ভেজা চুল তোয়ালে দিয়ে জোরে ঘষা উচিত নয়। এতে চুল ভেঙে যায় ও আরও রুক্ষ হয়ে ওঠে। মাইক্রোফাইবার বা সুতির কাপড় দিয়ে আলতো করে জল শুষে নেওয়াই ভালো। ভেজা চুলে কখনোই চিরুনি চালানো উচিত নয়। বাইরে বেরোনোর আগে চুল বেশি এলোমেলো লাগলে হাতে সামান্য জল নিয়ে আলতো করে চুলে বুলিয়ে নিলে চুল কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে।

সঠিক নিয়ম মেনে যত্ন নিলে উসকোখুসকো ও জট পড়া চুলও ধীরে ধীরে নরম, মসৃণ ও সহজে বাঁধ মানানো হয়ে উঠতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ