ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তামিম ইস্যু, ক্ষমা চাওয়ার বিষয়ে নতুন ঘোষণা

২০২৬ জানুয়ারি ০৯ ১৭:১২:০৬

তামিম ইস্যু, ক্ষমা চাওয়ার বিষয়ে নতুন ঘোষণা

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ঘটনায় যখন তীব্র সমালোচনার মুখে তিনি, তখন স্পষ্টভাবেই জানিয়ে দিলেন— এই বিষয়ে তিনি কোনো ধরনের ক্ষমা চাইবেন না।

এই মন্তব্য ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। জাতীয় দলের একাধিক ক্রিকেটার প্রকাশ্যে তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। একই সঙ্গে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে।

তবে সমালোচনাকে গুরুত্ব না দিয়ে ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজমুল ইসলাম বলেন, মূলত বাংলা শব্দ ব্যবহারের কারণেই বিষয়টি অতিরঞ্জিত হয়েছে। তার ভাষায়,‘আমি যদি ইংরেজিতে শব্দটা ব্যবহার করতাম, তাহলে হয়তো এত আলোচনা হতো না। দালাল শব্দটা বাংলায় নেতিবাচক শোনায়। ইংরেজিতে বললে এটাকে এজেন্ট বলা হয়, যেটা সুন্দর শোনায়। আমি নিজেকেও দালাল মনে করি—আমি তো দেশের দালালি করছি।’

ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি আরও কঠোর অবস্থান নেন। নাজমুল বলেন,‘এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি, আমি দেশের সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন তুলে ধরেছি। তাই এ নিয়ে নতুন করে ভাবার কিছু নেই।’

উল্লেখ্য, সাম্প্রতিক বিসিবি নির্বাচনে অংশ নিয়েও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি নির্বাচিত বোর্ডকে অবৈধ বলেও মন্তব্য করেছিলেন। এরপর বিভিন্ন সময় বিসিবির সিদ্ধান্ত ও ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানাতে দেখা যায় তাকে।

সবশেষ বিতর্কের সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায়। এই ইস্যুতে বিসিবি কড়া অবস্থান নেয় এবং ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে আইসিসিকে চিঠিও পাঠায় বোর্ড।

এই প্রেক্ষাপটেই এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, তিনি বোর্ডে থাকলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও বৈশ্বিক বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতেন। তার সেই মন্তব্যকেই কেন্দ্র করে নাজমুল ইসলামের বিতর্কিত ফেসবুক পোস্ট নতুন করে উত্তাপ ছড়ায় বাংলাদেশ ক্রিকেটে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ