ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীদের জন্য দারুণ সুখবর: নতুন নির্দেশ দিলো বাংলাদেশ ব্যাংক

২০২৬ জানুয়ারি ০৮ ১৮:২২:১৫

প্রবাসীদের জন্য দারুণ সুখবর: নতুন নির্দেশ দিলো বাংলাদেশ ব্যাংক

প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স আর দিনের পর দিন আটকে থাকবে না—এখন থেকে অর্থ আসার দিনই অথবা সর্বোচ্চ পরবর্তী কর্মদিবসে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এ বিষয়ে দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার জারি করা এই সার্কুলার অনুযায়ী, আন্তঃসীমান্ত অর্থ পরিশোধে দেরি কমানো এবং রেমিট্যান্স ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হলেও পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী মার্চ মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে বাধ্য থাকবে। ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে, আর ব্যাংকিং সময়ের বাইরে এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।

প্রক্রিয়া দ্রুত করতে ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (STP) অথবা ঝুঁকিভিত্তিক দ্রুত নিষ্পত্তি পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য পাওয়া থাকলে কিছু যাচাই প্রক্রিয়া বাকি থাকলেও আগেই গ্রাহকের হিসাবে টাকা জমা করা যাবে। পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তবে যেসব ক্ষেত্রে পোস্ট-ক্রেডিট যাচাই সম্ভব নয়, সেখানে অর্থ জমার আগে যাচাই শেষ করে ৩ কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রেমিট্যান্স নিষ্পত্তি আরও গতিশীল করতে ব্যাংকগুলোকে দিনের শেষে ‘নস্ট্রো’ হিসাবের ওপর নির্ভরতা কমিয়ে ইন্ট্রাডে ক্রেডিট কনফারমেশন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রিকনসিলিয়েশন প্রক্রিয়া সর্বোচ্চ ৬০ মিনিটের মধ্যে শেষ করার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।

সার্কুলারে রেমিট্যান্স লেনদেনে স্বচ্ছতা ও ট্র্যাকিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণ থেকে শুরু করে গ্রাহকের হিসাবে চূড়ান্ত জমা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজ্যাকশন রেফারেন্স (UETR) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম শক্তিশালী করে ভবিষ্যতে ফরম ‘সি’ ও ফরম ‘সি (আইসিটি)’ বাতিলের পথ সুগম করার কথাও বলা হয়েছে।

ব্যবসায়িক মহল ও ব্যাংকিং খাত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এতে প্রবাসী গ্রাহকদের আস্থা বাড়বে এবং বাংলাদেশের রেমিট্যান্স ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। যদিও রূপান্তরকালীন সময়ে কিছু বাস্তবায়নগত চ্যালেঞ্জ থাকতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

শিল্প সংশ্লিষ্ট বিশ্লেষকদের ধারণা, ইন্ট্রাডে কনফারমেশন ও ইউইটিআরভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা রেমিট্যান্স সংক্রান্ত বিরোধ কমাবে এবং বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত