ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএলে বড় ধাক্কা! মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ বিসিসিআইয়ের

২০২৬ জানুয়ারি ০৩ ১২:২৯:৩৯

আইপিএলে বড় ধাক্কা! মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ বিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে এই বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, দেশজুড়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণে কেকেআরকে একজন ক্রিকেটার ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই তালিকায় রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

দেবজিৎ সাইকিয়া বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তার পরিবর্তে ফ্র্যাঞ্চাইজিটি তাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো ক্রিকেটার দলে নিতে পারবে এবং সেই অনুমোদন বিসিসিআই দেবে।”

গত কয়েকদিন ধরেই ভারতের কট্টর হিন্দুত্ববাদী কিছু সংগঠন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। সেই আন্দোলনের প্রভাবেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, আজ শনিবার ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণার জন্য বিসিসিআই নির্বাচক কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকের আগেই গণমাধ্যমে মুস্তাফিজ প্রসঙ্গটি সামনে আসে।

তবে লক্ষণীয় বিষয় হলো, এর আগে এই ইস্যুতে বিসিসিআইয়ের অবস্থান ছিল ভিন্ন। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইনসাইডস্পোর্টকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, কূটনৈতিক সম্পর্কের প্রভাব যেন ক্রিকেটে না পড়ে, সে বিষয়ে বোর্ড সচেতন। তিনি তখন বলেছিলেন, বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয় এবং মুস্তাফিজের আইপিএল খেলার পথে কোনো বাধা নেই।

হঠাৎ করে অবস্থান পরিবর্তনের ফলে প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত আইপিএলে মুস্তাফিজকে আদৌ মাঠে দেখা যাবে কি না। বিষয়টি এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ