ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মালয়েশিয়া প্রবাসীরা সাবধান : অভিযানে বাংলাদেশিসহ আটক ৫৬ জন

২০২৫ ডিসেম্বর ১০ ১৫:৫৯:২৪

মালয়েশিয়া প্রবাসীরা সাবধান : অভিযানে বাংলাদেশিসহ আটক ৫৬ জন

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে তেরেঙ্গানু রাজ্যে বড় ধরনের অভিযানে বাংলাদেশিসহ মোট ৫৬ জন বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের বিভিন্ন জেলার নির্মাণসাইটে টানা তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের বেশিরভাগই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর এক বিবৃতিতে জানান, প্রথম দফার অভিযান চালানো হয় কুয়ালা নেরুস, কুয়ালাতেরেঙ্গানু এবং সেতিউ এলাকার সাতটি নির্মাণসাইটে। ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযানে ৯২ জন অভিবাসীর নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪২ জন বাংলাদেশির ভিসা ও কাগজপত্রে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ায় তাদের আটক করা হয়। ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে।

আটকদের মধ্যে ২৭ জনকে ভিসার শর্ত লঙ্ঘন, ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকা এবং ২ জনকে নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অপরাধে আটক করা হয়েছে। তাদের সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এর পাশাপাশি আলাদা আরেকটি সাঁড়াশি অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন এলাকার ১০টি স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ান শ্রমিক রয়েছেন পাঁচজন করে; এছাড়া তিনজন থাই এবং একজন মিয়ানমারের নাগরিক। আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ প্রবাসী শনাক্তকরণ, মানবপাচার প্রতিরোধ ও শ্রমবাজার সুরক্ষার জন্য দেশজুড়ে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত