ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএলকে বিদায় জানিয়ে চমক দেখালো আন্দ্রে রাসেল

২০২৫ নভেম্বর ৩০ ১৫:৩৩:৩২

আইপিএলকে বিদায় জানিয়ে চমক দেখালো আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল—নামটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্ফোরক ছক্কা, বদলে দেওয়া ম্যাচ পরিস্থিতি আর কলকাতার জার্সিতে অসংখ্য উদযাপনের ছবি। দীর্ঘ এক যুগের পথচলা শেষে সেই সম্পর্কের নতুন অধ্যায় ঘোষণা করলেন ক্যারিবিয়ান সুপারস্টার। ক্রিকেটার হিসেবে আর আইপিএলে দেখা যাবে না তাকে। তবে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) পুরোপুরি ছাড়ছেন না; বরং এবার নতুন পরিচয়ে দলের সঙ্গে থাকবেন ‘পাওয়ার কোচ’ হিসেবে।

ইন্সটাগ্রামে একটি ভিডিওবার্তায় রাসেল জানান, আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটি ছিল কঠিন, তবে সময়মতো নেওয়া হয়েছে বলেই মনে করছেন তিনি। তার ভাষায়—কখনো কখনো বুঝে নিতে হয় কখন জুতোর ফিতা খুলে রাখার সময় এসেছে। তিনি আরও বলেন, খেলোয়াড় হিসেবে ফিকে হয়ে যেতে চাননি; বরং এমনভাবে বিদায় নিতে চেয়েছেন, যেন সমর্থকরা বলেন—এখনও তার অনেক কিছু দেওয়ার ছিল।

আইপিএল থেকে সরে দাঁড়ালেও বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন রাসেল। নাইট রাইডার্স গ্রুপের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও তাকে দেখা যাবে খেলোয়াড় হিসেবে। তবে আইপিএলের ১৩ বছরের স্মৃতিপূর্ণ অধ্যায়ের এখানেই ইতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাসেলের অবসর সিদ্ধান্ত নিয়ে বাড়তি আলোচনা হচ্ছিল। কেকেআরের রিটেনশন তালিকায় তার নাম না থাকায় নতুন দলে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সব জল্পনা-কল্পনার ইতি টেনে রাসেল জানান, নানা জার্সিতে নিজের ছবি দেখে নিজেকেই অদ্ভুত লাগছিল। সেই ভাবনাই তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তিনি জানান, ভেঙ্কি মাইসোর ও শাহরুখ খানের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে নতুন ভূমিকায় কাজ করতে রাজি হয়েছেন।

২০১২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন রাসেল। এরপর টানা ১১ মৌসুম কেকেআরের হয়েই খেলেছেন তিনি। ধীরে ধীরে কলকাতার ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা এই অলরাউন্ডার দলকে এনে দিয়েছেন দুইটি আইপিএল শিরোপা। একবার জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

কলকাতার হয়ে ১৩৯ ম্যাচে রাসেল করেছেন ২ হাজার ৬৫৮ রান, স্ট্রাইক রেট ছিল বিস্ফোরক ১৭৫.০৬। পাশাপাশি বল হাতেও সফল ছিলেন তিনি—উইকেট নিয়েছেন ১২৪টি। ব্যাট-বলের এই দ্বিমুখী ক্ষুরধার দক্ষতাই তাকে আইপিএলের ইতিহাসে অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এখন দেখা বাকি, কোচ রাসেল কেমন করে বদলে দেন কেকেআর-এর পরের অধ্যায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ