ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফাইনালে উঠবে কে? নিশাঙ্কার বিস্ফোরক ব্যাটিংয়ে তোলপাড় ক্রিকেটবিশ্ব!

২০২৫ নভেম্বর ২৬ ১১:৪৮:১৮

ফাইনালে উঠবে কে? নিশাঙ্কার বিস্ফোরক ব্যাটিংয়ে তোলপাড় ক্রিকেটবিশ্ব!

ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয়ে নিজেদের ফাইনাল সম্ভাবনা জাগিয়ে তুলল শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুটা ছিল প্রতিপক্ষ জিম্বাবুয়ের। কিন্তু তাদের ব্যাটিং ব্যর্থতার সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগায় শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ে ইনিংসের শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন ব্রায়ান বেনেট। তার ৩৪ রানের লড়াই, আর ইনিংসের শেষভাগে সিকান্দার রাজা ও রায়ান বার্লের দুটি ত্রিশোর্ধ ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে দল তুলে ১৪৬ রান।শ্রীলঙ্কার হয়ে স্পিন জুটি মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন দুটি করে উইকেট; তাদের বোলিংয়ে নিয়ন্ত্রণ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসটিকে এককভাবে নিজের করে নেন পাথুম নিশাঙ্কা। শুরুতে সতর্ক থাকলেও মাঝপথে এসে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের দিক পাল্টে দেন এই ওপেনার। চার ও ছয়ের মারমুখী শটে তিনি যেন দাঁড়িয়ে দেখার মতো এক ইনিংস খেলেন। ৫৮ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।

ম্যাচের শেষ দিকে ব্যক্তিগত শতরানের জন্য নিশাঙ্কার দরকার ছিল আট রান, আর দলের জয়ের জন্য মাত্র পাঁচ। রিচার্ড এনগারাভার শর্ট বল পেয়েই পুল শটে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন তিনি। তবে দুর্ভাগ্য, সেঞ্চুরির জোয়ারে গা ভাসাতে পারেননি, দুই রান কমে থামতে হয় তাকে। তবু তার ব্যাটিং নৈপুণ্যেই শ্রীলঙ্কা জয় পায় ২২ বল হাতে রেখে ৯ উইকেটে।

টানা দুই পরাজয়ের পর শ্রীলঙ্কার এই জয় ছিল সিরিজে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই পয়েন্ট নিয়ে তারা উঠেছে পয়েন্ট তালিকার তিনে। সমান পয়েন্টে নেট রানরেটে এগিয়ে জিম্বাবুয়ে আছে দুইয়ে, আর ছয় পয়েন্ট নিয়ে আগেই ফাইনালে উঠে গেছে পাকিস্তান।এখন শ্রীলঙ্কার সামনে বড় চ্যালেঞ্জ—প্রাথমিক পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই তারা জায়গা করে নেবে ফাইনালে। অন্যদিকে শ্রীলঙ্কা হারলে ফাইনালের দরজা খুলে যাবে জিম্বাবুয়ের জন্য।

ব্যাট হাতে অসাধারণ প্রদর্শনের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন পাথুম নিশাঙ্কা। তার এই ইনিংস শুধু ম্যাচই জেতায়নি, নতুন করে জাগিয়ে তুলেছে শ্রীলঙ্কার শিরোপা লড়াইয়ের আশা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ