ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপিএলে পাকিস্থানি ক্রিকেটারকে দলে ভেড়ালো চট্টগ্রাম রয়্যালস

২০২৫ নভেম্বর ২৬ ১০:২৩:৩৩

বিপিএলে পাকিস্থানি ক্রিকেটারকে দলে ভেড়ালো চট্টগ্রাম রয়্যালস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ মৌসুমে স্পিন শক্তি বাড়াতে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভেড়াচ্ছে চট্টগ্রাম রয়্যালস। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর দেশি–বিদেশি দুইজন করে খেলোয়াড় সাইন করার যে সুযোগ রয়েছে, তা কাজে লাগিয়েই তাকে দলে যুক্ত করছে চট্টগ্রাম।

চট্টগ্রাম ইতোমধ্যে দেশি স্পিনার শেখ মেহেদী হাসান ও তানভির ইসলামকে চুক্তিবদ্ধ করেছে। তাদের সঙ্গে এবার যুক্ত হতে চলেছেন আবরার—যিনি দ্বিতীয়বার বিপিএল খেলতে আসছেন। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এক ম্যাচ খেলে উইকেট না পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখন পাকিস্তানের অন্যতম নিয়মিত স্পিনার।

এ পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০ টেস্ট, ১৪ ওয়ানডে ও ২৭ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন আবরার। ফ্র্যাঞ্চাইজি লিগ অভিজ্ঞতা হিসেবে এখন পর্যন্ত তিনি খেলেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বিপিএল এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।

কিছুদিন আগে চট্টগ্রাম আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করলেও বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে সেসব চুক্তি স্থগিত হয়ে যায়। মূল কারণ—ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাওয়ার পর নির্ধারিত সময়ে ব্যাংক গ্যারান্টি জমা না দেওয়া। নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রথম পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হয়। সময় বাড়ানো হলেও বেশ কিছু দল সেই শর্ত পূরণ করতে পারেনি।

শেষ পর্যন্ত পরিবর্তিত নিয়মে ২৬ নভেম্বরের মধ্যে ৫ কোটি টাকা জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। কোনো দল এই শর্ত পূরণে ব্যর্থ হলে গভর্নিং কাউন্সিল তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেবে।

সব শঙ্কা কাটিয়ে ছয় দলের বিপিএলই আয়োজন করছে বিসিবি। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। রাজশাহীর মালিকানা চাইলেও প্রয়োজনীয় পে-অর্ডার জমা দিতে না পারায় দলটি পায়নি আগ্রহীরা। নিলাম অনুষ্ঠিত হবে পূর্বঘোষিত সময়—৩০ নভেম্বরেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ