ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশকে ‘সুখবর’ দিল সৌদি আরব

২০২৫ নভেম্বর ২৪ ০৯:০৬:৫০

বাংলাদেশকে ‘সুখবর’ দিল সৌদি আরব

বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট পেশাজীবীদের সৌদি আরবে নিয়োগের জন্য একটি নতুন জি-টু-জি (সরকারি পর্যায়ের) ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছে সৌদি আরব। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিসবিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসারের নেতৃত্বে। বৈঠকে উভয় দেশই স্বাস্থ্য খাতে কর্মী বিনিময় ও সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে সম্মত হয়।

এ তথ্য রোববার (২৩ নভেম্বর) নিশ্চিত করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। সরকারি নথির তথ্যানুযায়ী, সিনিয়র সচিবের সরকারি সফরকালেই এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২০২৪–২৫ সালে সৌদি আরবে ১,২০০ জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগের সফলতা বিশেষভাবে উল্লেখ করা হয়। সৌদি প্রতিনিধিরা বাংলাদেশের নার্সদের কাজের দক্ষতা, পেশাদারিত্ব ও সেবার মানের প্রশংসাও করেন। এসময় বাংলাদেশ পক্ষ নার্সদের প্রশিক্ষণ, ভাষাজ্ঞান উন্নয়ন ও আন্তর্জাতিক মানে প্রস্তুতির বিষয়ে সৌদি পক্ষের পরামর্শ কামনা করে।

বাংলাদেশ আরও প্রস্তাব করে যে, যোগ্য নার্সদের সৌদির বেসরকারি খাতে নিয়োগ সহজ করতে প্রোমেট্রিক পরীক্ষার শর্ত শিথিল করা হোক। পাশাপাশি সরকারি হাসপাতালের মতোই একটি নিয়োগ প্রক্রিয়া প্রাইভেট সেক্টরেও চালুর অনুরোধ জানানো হয়।

এই সম্ভাব্য জি-টু-জি ফ্রেমওয়ার্ক চালু হলে বাংলাদেশের হাজারো স্বাস্থ্যকর্মীর জন্য সৌদি আরবে নতুন কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত