ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি বিক্রির পথে, মার্চেই নতুন মালিকানা

২০২৫ নভেম্বর ০৬ ১২:২৮:৪২

আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি বিক্রির পথে, মার্চেই নতুন মালিকানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আনুষ্ঠানিকভাবে বিক্রির জন্য তোলা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এটি হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ ও নজরকাড়া মালিকানা হস্তান্তর।

দলটির মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) জমা দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইতোমধ্যেই বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। লক্ষ্য করা হচ্ছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ মার্চের মধ্যেই দলের নতুন মালিকানা হাতে পেতে পারেন বিরাট কোহলি, রজত পাতিদার ও স্মৃতি মান্ধানা।

ডিয়াজিওর ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল) জানিয়েছে, তাদের পূর্ণ মালিকানাধীন সংস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (আরসিএসপিএল)-র বিনিয়োগ পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। আরসিএসপিএলের অধীনে রয়েছে আইপিএল ও ডব্লিউপিএল — পুরুষ ও নারী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রভীন সোমেশ্বর বলেন,

“আরসিবি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তবে এটি আমাদের মূল পানীয় ব্যবসার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক লক্ষ্য এবং শেয়ারহোল্ডারদের স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

যদিও শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা, বিশ্লেষকরা মনে করছেন, ডিয়াজিও সম্পূর্ণ বা আংশিকভাবে আরসিবির মালিকানা ছাড়ার পরিকল্পনা করছে।

বর্তমানে কয়েকটি বড় প্রতিষ্ঠান আরসিবি কিনতে আগ্রহী বলে শোনা যাচ্ছে। আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানি, আদানি গ্রুপ, জিন্দাল পরিবারের জেএসডব্লিউ গ্রুপ, সিরাম ইনস্টিটিউটের আদার পুনাওয়ালা, এবং দেবয়ানি ইন্টারন্যাশনালের রবি জয়পুরিয়া।

আরসিবি বিক্রির গুঞ্জন নতুন নয়। গত জুনে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক পদদলিতের ঘটনায় ১১ সমর্থকের মৃত্যু এবং বহু আহত হওয়ার পর থেকেই দলের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। শেয়ারহোল্ডারদের চাপ, মূল ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে থাকা এবং সাম্প্রতিক ঘটনার প্রভাব মিলিয়ে ডিয়াজিও এবার আনুষ্ঠানিকভাবে বিক্রির পথে হাঁটছে। আইপিএলের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় মালিকানা হস্তান্তরগুলোর একটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ