ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অ্যাঙ্গোলার বিপক্ষে এক ম্যাচেই যত কোটি টাকা পাবে আর্জেন্টিনা

২০২৫ অক্টোবর ৩১ ১১:৫১:৫৬

অ্যাঙ্গোলার বিপক্ষে এক ম্যাচেই যত কোটি টাকা পাবে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি হবে অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন।

‘স্পোর্টস নিউজ আফ্রিকা’র প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক এই ম্যাচের বিনিময়ে অ্যাঙ্গোলা সরকার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে দেবে প্রায় এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা।

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় ফুটবল অত্যন্ত জনপ্রিয়। তাই তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আতিথ্য দিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে রাজি হয়েছে দেশটি। উল্লেখযোগ্য বিষয় হলো, নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মরক্কোও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছিল, তবে আর্থিক দিক বিবেচনায় অ্যাঙ্গোলাকেই বেছে নেয় মেসিরা।

বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা দলকে আরও শক্তিশালী করতে এই ম্যাচগুলো কাজে লাগাতে চান কোচ লিওনেল স্কালোনি। তরুণ খেলোয়াড়দের মূল্যায়নের সুযোগ হিসেবে তিনি নজর রাখছেন ভ্যালেন্টিন বারকো, ম্যাক্সিমো পেরোনে, পানিচেল্লি, লাউতারো রিভেরো, নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্টান্তুয়োনোর পারফরম্যান্সের দিকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত